ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ এবং আহতদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে গেছেন।
প্রধানমন্ত্রীর একজন প্রেস কর্মকর্তা বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, প্রধানমন্ত্রী নিহত সামরিক কর্মকর্তাদের মরদেহ এবং আহতদের দেখার পর নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়াও গত দু'দিন পিলখানায় অবরুদ্ধ সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন তিনি।
বুধবার বিডিআর বিদ্রোহের দু'দিন পর শুক্রবার প্রধানমন্ত্রী হেয়ার রোডের তার সরকারি বাসভবন থেকে বের হলেন। এই দু'দিন তিনি তার বাসভবনেই মন্ত্রীসভার সদস্য, তিন বাহিনীর প্রধান এবং মহাজোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।
এদিকে সরকারি কর্মকর্তারা জানান, বিডিআর বিদ্রোহে নিহতদের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জুমার নামাজে সেনানিবাসের সব মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হবে। সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নিহত সেনা কর্মকর্তাদের জানাজা হবে।
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এসএম/জিএনএ/১৩৫৪ ঘ.
bdnews24