২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী সরকারের অনুগত, গুজব ছড়াবেন না: জে. মইন

সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীর প্রত্যেক এলাকা সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এসব বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীর প্রত্যেক এলাকা সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এসব বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে তিনি জানান। গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে জেনারেল মইন বলেন, "আমরা এটা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী 'সাবসারভিয়েন্ট টু দি গভর্নমেন্ট' (সরকারের অনুগত)। "অনেক গুজব ছড়াচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ, এখন সবাই মিলে দেশটাকে সঠিক দিকে এগিয়ে নিতে হবে। গুজব ছড়িয়ে কার ক্ষতি করছি আমরা?" শুক্রবার রাত ১১টার দিকে যমুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৌনে দু' ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রায় আড়াই মিনিট কথা বলেন জেনারেল মইন। এসময় কয়েকজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। সেনাপ্রধান বলেন, " কিছু কিছু পয়েন্ট আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা এলাকা থেকে সংগ্রহ করেছি। এখানে কিছু বক্তব্য ছিল। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এবং তিনি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি পজিটিভ। এগুলো তিনি দেখবেন বলে জানিয়েছেন।" তিনি বলেন, "আমরা যেন একে অপররের বিপক্ষে না যাই। এ সেনাবাহিনী আপনাদেরই সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের সময় তারা যুদ্ধ করেছে জনতার কাঁধে কাঁধ মিলিয়ে।" গণমাধ্যমের প্রতি সঠিকভাবে তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, " আপনাদের কাছে অনুরোধ এমন কিছু বলবেন না, এমন কিছু স্ক্রল দেবেন না, যা সঠিক নয়। আপনারা জেনে-শুনে বুঝে তারপর দেবেন। অনেক সেনা সদস্য মিসইন্টারপ্রিট করে। আপনাদের কাছে অনুরোধ তথ্য সংগ্রহের পর আপনারা আমাদের কাছে জেনে নিন ঘটনার সত্যতা কতোটুকু রয়েছে। আমরা আপনাদের সত্য তথ্য দিতে পারবো। এটাই আমাদের প্রত্যাশা।" দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এটা একা সেনাবাহিনীর দায়িত্ব নয়, পুরো দেশবাসীর দায়িত্ব।" তিনি আরো বলেন, "গত ২৫ তারিখে যেটা পিলখানায় হয়েছে সেটা একটা বিরাট ক্ষতি। শুধু সেনাবাহিনীর কর্মকর্তা নয়। দেশের একটা বিরাট ক্ষতি। এটা পূরণ করতে সময় লাগবে। "আপনারা চিন্তা করেন যেসব পরিবার তাদের বাবা, স্বামী হরিয়েছেন আত্ময়ীয়দের হারিয়েছে তাদের তো ফেরত আনা যাবে না। এই সমস্যা কীভাবে দূর করা যায় সেটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এটি একটি দুর্যোগ, এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে।" বিডিনিউজ ২৪ডটকম /এসইউএম/জিএমএ/এইচএ/২৩৩০ঘ.