ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বিদ্রোহী বিডিআর জওয়ানরা শুক্রবার প্রশাসনের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছে। এসব অস্ত্রাগারের নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ।
বান্দরবানের নাইক্ষংছড়ি ক্যাম্পের অস্ত্র জমা দেওয়া শুরু হলেও শেষ হবে শনিবার। এছাড়া জেলার থানচির বলিপাড়া ক্যাম্পের অস্ত্রও জমা নেওয়া হবে শনিবার।
বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ানদের রক্তক্ষয়ী বিদ্রোহের ঘটনায় পরদিন চট্টগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা, খুলনা, দিনাজপুর, ঠাকুগাঁও, সিলেট, সুনামগঞ্জ নওগাঁসহ বিভিন্ন ব্যাটালিয়নে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কোথায় কোথায় ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণ ও দফা দফায় আলোচনার পর বিদ্রোহীরা আত্মসমর্পণ করার পর পুলিশ রাজধানীর বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ওই দিন দুপুরের পর থেকে বিদ্রোহী ব্যাটালিয়নগুলোর পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ ২৪ ডটকম চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা নিয়ন্ত্রণ গ্রহণ করে।
চট্টগ্রামের পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব নিয়েছে পুলিশ।"
এর আগে সন্ধ্যায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ট্রেনিং সেন্টারের কর্মকর্তাদের একটি বৈঠক হয়।
জেলা প্রশাসক আশরাফ শামীম ও পুলিশ সুপার কামরুল আহসানের সঙ্গে এ বৈঠকে উপস্থিত ছিলেন রাইফেলস ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ।
সাতক্ষীরা: সাতক্ষীরায় বিডিআরের দু'টি ব্যাটালিয়নের অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।
এর আগে সকালে সদরে অবস্থিত ৪১ রাইফেলস্ ব্যাটালিয়নরে অস্ত্র ভাণ্ডারের দায়িত্ব জেলা প্রশাসক মিজানুর রহমান এবং শ্যামনগর উপজেলার নীলডুমুরে ৭ রাইফেলস্ ব্যাটেলিয়নের অস্ত্রাগারের দায়িত্ব জেলা প্রশাসকের পক্ষে বুঝে নেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমিত চৌধুরী।
এই দু'টি ব্যাটালিয়নের অস্ত্রাগারের পাহারায় এখন পুলিশ নিয়োজিত রয়েছে বলে এসপি আবু সুফিয়ান জানিয়ছেন।
এছাড়া সাতক্ষীরা সীমান্তে শুক্রবার সকাল থেকে বিডিআর নিয়মিত টহল শুরু করেছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ: বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ ব্যাটালিয়নের অস্ত্রাগারের দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার।
জেলা প্রশাসক মো. সিরাজুল হক খান বলেন, "ক্যাম্পে কোনো বিডিআর কর্মকর্তা না থাকার কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সুপার এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বিকেলে অস্ত্রাগারের দায়িত্ব নেন।"
এ সময় সেখানে জেলা প্রশাসক ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আরিফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামাল হোসেন বলেন, "চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীন সকল সদস্য নিষ্ঠার সঙ্গে সীমান্তে তাদের দায়িত্ব পালন করছে। বিডিআর ব্যাটালিয়নে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।"
সিলেট: সিলেটে বিদ্রোহী বিডিআর সদস্যরা অস্ত্র বুঝিয়ে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদের কাছে।
সন্ধ্যায় পুলিশ কমিশনার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "অস্ত্র গোনা হচ্ছে। আশা করছি রাত আটটার দিকে গোনা শেষ হবে।"
বিডিআরের উপ-পরিচালক মকসুদ হোসেন ও সহকারী পরিচালক মোকসেদ আলী পুলিশ কমিশনারকে অস্ত্র বুঝিয়ে দেওয়ার সময় সিলেট জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।
জয়পুরহাট: জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে বিকেলে জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ বুঝে নেন।
জেলা প্রশাসক সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শিরিন আক্তার ছাড়াও এ সময় ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম জানান, যেকোনো ধরনের নাশকতাসহ অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ৩ রাইফেলস্ ব্যাটালিয়নের অধীনে ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
খুলনা: মহানগরীর গোয়ালখালি বিডিআর সেক্টর সদর দপ্তরের সদস্যরা বিকেলে পুলিশের কাছে অস্ত্র জমা দিয়েছেন। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অস্ত্র জমা নেওয়া হয়।
এ সময় খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউর আলম, মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ডা. আব্দুর রহিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, বেলা ১১টা থেকে খুলনা বিডিআর দপ্তরের সদস্যরা অস্ত্র সমর্পণ শুরু করে। দুপুর ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলে। বিডিআর জওয়ানরা তাদের কাছে থাকা অস্ত্র, গুলিসহ অন্যান্য সরঞ্জাম সমর্পণ করেন।
অস্ত্র জমা নেওয়ার পর হিসাব নিকাশ করে তা অস্ত্রাগারে জমা করা হয় বলেও জানান জেলা প্রশাসক।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ২৭ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রগারের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ।
বিকেল সাড়ে ৪টার দিকে বিডিআর আনুষ্ঠানিকভাবে পুলিশ ও জেলা প্রশাসকের কাছে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করে।
এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, বিডিআর এর বর্তমান কমান্ডিং অফিসার সুবেদার মেজর ময়শের আলী, পুলিশ সুপার আব্দুল লতিফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, অস্ত্র ও গোলাবারুদ বুঝে নেওয়া হয়েছে। ওগুলো বিডিআরের অস্ত্রাগারে জমা রেখে তালাবন্ধ করার পর সিলগালা করা হয়েছে।
রাজশাহী: মহানগর পুলিশ সন্ধ্যায় বিডিআর রাজশাহী সেক্টর সদর দপ্তর এবং ৩৭ রাইফেলস ব্যাটালিয়নের নিয়ন্ত্রণও বুঝে নিয়েছে।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, "দায়িত্ব হস্তান্তরের পর থেকে একজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশের একজন সহকারী কমিশনারের (এসি) নেতৃত্বে পুলিশের ৬০ জন সদস্য সার্বক্ষণিক বিডিআর রাজশাহী সেক্টর সদর দপ্তরে অবস্থান করবেন।"
দায়িত্ব হস্তান্তরের সময় রাজশাহীর জেলা প্রশাসক শেফাঊল করিম, মহানগর পুলিশ কমিশনার মুহম্মদ মাহবুব মহসীন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজুর রহমান, উপ-কমিশনার (সদর) মোখলেছুর রহমান, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও: বিকেলে জেলা প্রশাসক মিঞা আব্দুল্লাহ মামুন ও পুলিশ সুপার শাহ আবু সালেহ মো. গোলাম মাহমুদেও উপস্থিতিতে বিডিআরের অস্ত্র ও গোলাবারুদ বুঝে নেওয়া হয়।
জেলা প্রশাসক মিঞা আবদুল্লা মামুন জানান, তিনি নিজে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান উপস্থিত থেকে অস্ত্র ও গুলির হিসাব বুঝে নেন।
পুলিশ সুপার বলেন, "আমরা এখন ক্যাম্পের দায়িত্ব নিয়েছি।"
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছে অবস্থিত ১ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগারের দায়িত্ব নিয়েছে আর্মড পুলিশ।
শুক্রবার বিকেলে আর্মড পুলিশের একটি দল অস্ত্রাগারের দায়িত্ব নেয়।
জেলা প্রশাসক মো. আব্দুল হাই বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ব্যাটালিয়নের অস্ত্রাগারের দায়িত্ব নিয়েছে প্রশাসন।"
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাছ হোসেন বলেন, "এখানে পরিস্থিতি শান্ত। ব্যাটালিয়ন অত্রাগারের দায়িত্ব এখন পুলিশের হাতে।"
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়নের (নাইক্ষ্যংছড়ি জোন) অস্ত্র জমা নেওয়া শুরু হয়েছে। শুক্রবার সম্পূর্ণ জমা নেওয়া শেষ হয়নি।
শনিবার জমা নেওয়া হবে থানচি ব্যাটালিয়নের অস্ত্র।
এছাড়া বান্দরবান শহরের গোরস্তান মসজিদ এলাকায় বিডিআর এর রিয়ার অফিসের সদস্যরা তাদের অস্ত্র বান্দরবান সদর থানায় জমা দিয়েছেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "শুক্রবার দুপুরের পর থেকে বিডিআর সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে তাদের অস্ত্র জমা দিতে শুরু করেছেন।"
এখানে অস্ত্র জমা নেওয়া শনিবার শেষ হবে বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, "থানচি উপজেলার বলিপাড়ায় অবস্থিত ১০ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্র জমা নেওয়া হবে আগামীকাল (শনিবার)।"
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র জমা নেওয়ার সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মওদুদ একে কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার মো. শামসুদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব কবির, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নওয়াব আসলাম হাবিব প্রমুখ।
ফেনী: ফেনীর দাগনভূঁঞা উপজেলার জায়লস্করে অবস্থিত ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্র জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে।
রাতে অস্ত্র সমর্পন করার পর জেলা প্রশাসক সাইফুল্লাহ মকবুল মোরশেদের কাছে গোলাবারুদ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমিনুর রশিদ আমিনসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমিনুর রশিদ আমিন বলেন, "ক্যাম্পের পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত।"
মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে অবস্থিত ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।
সন্ধ্যায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, পুলিশ সুপার ব্যারিস্টার এম জিল্লুর রহমানের কাছে বিডিআর বিডিআর এসব অস্ত্র জমা দেয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বিডিআর স্বেচ্ছায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অস্ত্র সমর্পণ করে। দুই প্লাটুন পুলিশ অস্ত্রাগারের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।"
দিনাজপুর: শুক্রবার দুপুরের পর সেক্টর সদর দপ্তর এবং দিনাজপুরে অবস্থিত ২ ও ৪০ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগারের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরের পর জেলা প্রশাসক মো. নবীউল হক মোল্যা ও পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বিডিআর দিনাজপুর সেক্টর সদর দপ্তরে প্রবেশ করেন। তারা অস্ত্রাগারের দায়িত্ব বুঝে নেন।
পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিক জানান, ৪০ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগার নিয়ন্ত্রণ নিতে পুলিশ কর্মকর্তারা সেখানে গেছেন।
কক্সবাজার: কক্সবাজারের ১৭ রাইফেলস ব্যাটালিয়ন ও টেকনাফ উপজেলায় ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগারের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন জানান, বিকাল ৪টায় ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্র ও গোলাবারুদ বুঝে নিয়েছেন জেলা প্রশাসক মনজুর আলম ভূঁঞা ও পুলিশ সুপার মতিউর রহমান শেখ।
তিনি জানান, বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করেছেন। অস্ত্র ও গোলাবারু গণনা চলছে। এ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন উপ-সহকারী পরিচালক আহসান হাবিব।
উপ-সহকারী পরিচালক আহসান হাবিব বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিডিআর কর্মকর্তাদের সমন্বয়ে অস্ত্র গোলাবারুদ গণনা চলছে। সৈনিকদেও সঙ্গে বৈঠক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
রাত ৯টার দিকে পুলিশ সুপার মতিউর রহমান শেখ জানান, জেলা প্রশাসকসহ তিনি এখন টেকনাফে ৪২ রাইফেলস ব্যাটালিয়নে রয়েছেন। ওখানে সুবেদার মেজর তবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানকার অস্ত্র ও গোলাবারুদ বুঝে নেওয়া হচ্ছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/আরএআর/ডিডি/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24