ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুধু প্রিয়জনের লাশ ফিরে পাওয়ার জন্য বিডিআর সদরদপ্তরের বাইরে অপেক্ষা করছেন কয়েক শ' মানুষ। আর পিলখানার ভেতর ও বাইরের স্যুয়ারেজ লাইনে নিহতদের লাশ খুঁজে ফিরছে দমকল, পুলিশ ও সেনা সদস্যরা।
পিলখানার ভেতর থেকে ঘুরে এসে জানাচ্ছেন আমাদের প্রতিবেদক সায়েদ তালাত।
সন্ধ্যা ৬টার দিকে র্যাবের কয়েকটি গাড়িতে করে বিভিন্ন প্রচার মাধ্যমের দু'জন করে প্রতিনিধিকে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয়। বিডিআর হাসপাতালের মরচুয়ারির পাশের একটি গণকবর থেকে তখন সেনা কর্মকর্তাদের মৃতদেহ উদ্ধার করছিলেন দমকল সদস্যরা।
তারা মোট ৩৮টি লাশ উদ্ধার করেছেন বলে জানান দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ। গণকবরে কম্বল পেঁচিয়ে লাশগুলো সারিবদ্ধ করে রাখা ছিল। সেগুলো থেকে পঁচা দূর্গন্ধ বের হচ্ছিল। গন্ধ থেকে বাঁচতে সবাই মুখোস পরে উদ্ধার কাজ করছিলেন।
বিগ্রেডিয়ার নাইম বলেন, পিলখানার ভেতর আরো গণকবর থাকতে পারে। এগুলোর সন্ধান করা হচ্ছে। এছাড়া ড্রেনেও লাশের খোঁজ করা হচ্ছে।
দমকল মহাপরিচালক বলেন, পিলখানার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় বিডিআর-এর প্রচুর রাইফেল, গ্রেনেড, অন্যান্য অস্ত্র, পোশাক, হেলমেট ও জুতা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারস্থলে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি সাংবাদিকদের বলেন, " এটা খুবই দুঃখজনক যে এভাবে এতো কর্মকর্তাকে মেরে ফেলা হলো। তাদের ক্ষোভ, দুঃখ, অভিযোগ থাকতেই পারে। কিন্তু এভাবে মেরে ফেলার কোনও অধিকার তাদের নেই। যারা বিদ্রোহ করেছে তাদের জন্য সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানের নিয়ম আছে। সে অনুযায়ীই ব্যাবস্থা নেওয়া হবে।"
পলাতক বিডিআর সদস্যদের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, "তাদের পালিয়ে যাওয়া ঠিক হয়নি। তাদের এখানেই থাকা উচিত ছিল।"
শুক্রবার বিডিআর সদরদপ্তর ছিল সেনা, র্যাব ও পুলিশের নিয়ন্ত্রেেণ। সবগুলো ফটকেই অবস্থান নিয়ে আছে সেনা সদস্যরা। আর পিলখানার ভেতর তখন বিভিন্ন অফিস ও বাসার ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের চেষ্টা চলছিল। দমকল বাহিনীর কর্মীরা ড্রেন ও বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চালাচ্ছিলেন।
প্রতিটি প্রতিষ্ঠান থেকে দু'জন করে সাংবাদ কর্মীর নাম ধরে ডেকে তাদের সন্ধা ৬টায় ভেতরে নিয়ে যাওয়া হয়। সেনা বাহিনীর সদস্যরা তাদের ভেতরে উদ্ধারকাজের স্থানে নিয়ে যায়। আধঘন্টা পর তাদের আবার ফটকে পৌছে দেয়া হয়।
ভেতরে উদ্ধার কাজ চললেও বাইরে ভিড় করেছিলেন অনেক নিখোঁজ কর্মকর্তার আত্মীয়-স্বজন। নিহত ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের লাশ উদ্ধারের খবর পেয়ে তার ছোট বোনের স্বামী মহিউদ্দিন ৪নং গেটে যান। কর্নেল জাকিরের ভাগ্নে হাবিব তার মামার লাশ খুঁজছিলেন ড্রেনে ড্রেনে।
কোন কর্মকর্তা গেট থেকে বের হলেই তারা তাকে ছেকে ধরে আত্মীয়দ্রে সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড মর্গের সামনেও ছিল বিভিন্ন পদ মর্যাদার সেনা কর্মকর্তার স্ত্রী, মেয়ে ও সন্তানদের ভিড়।
শুক্রবার বিকালে যেসব কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল লুৎফর, মেজর সালেহ, মেজর মোসাদ্দেক, কর্নেল মশিউর, মেজর রফিক, মেজর হায়াত, মেজর মোসাদ্দেক, মেজর মাকসুদ।
বিডিআর বিদ্রোহের ঘটনায় এ পর্যন্ত বেসামরিক ব্যাক্তিসহ মোট ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই সেনা কর্মকর্তা।
উদ্ধার লাশের অনেকেরই পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/টিআর/২২৩১ঘ.
bdnews24