২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ, মহাপরিচালকসহ ৬৭ লাশ উদ্ধার

বিডিআর বিদ্রোহের ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বিডিআর বিদ্রোহের ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সেনা কর্মকর্তা। উদ্ধার লাশের অনেকেরই পরিচয় জানা যায়নি। বিকৃত হয়ে গেছে বেশ কিছু সংখ্যক মৃতদেহ। সব মিলে শুক্রবার মোট ৪৫টি লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ। তিনি জানান, এসব লাশের বেশিরভাগেই পচন ধরেছে। তীব্র গন্ধ ছড়াচ্ছে। অনেক লাশের মুখমন্ডলও বিকৃত হয়ে গেছে। তিনি সাংবাদিকদের বলেন, "বিডিআর সদর দপ্তরের ভিতরে হাসপাতালের মর্গের পাশের জায়গা খুঁড়ে ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে শাকিল আহমেদের লাশও রয়েছে।" তিনি বলেন, "শাকিল সাহেবের গায়ে কোনও ইউনিফর্ম ছিল না। তবে তাকে যেহেতু আমরা ব্যক্তিগতভাবে চিনি। তাই শনাক্ত করতে পেরেছি।" এছাড়া আরও ৫টি লাশ উদ্ধার করা হয় পিলখানার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায়। আরো একটি লাশ উদ্ধার করা হয় স্যুয়ারেজের ভেতর থেকে। দুপুরে আরেকটি লাশ উদ্ধার করা হয় পিলখানার বাইরে স্যুয়ারেজ লাইন থেকে। আগের দিন বৃহস্পতিবার কামরাঙ্গীরচর এলাকার স্লুইসগেটে ৬ সেনা কর্মকর্তার লাশ ভেসে ওঠে। রাতে বিডিআর এর বিদ্রোহী সদস্যদের আত্মসমর্পনের পর পিলখানার ভেতর থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আরও ১১টি লাশ উদ্ধার করে। বিদ্রোহ শুরুর দিন বুধবার পিলখানার বাইরে তিন বেসামরিক ব্যাক্তি নিহত হন। ওই দিনই কামরাঙ্গীরচর এলাকায় দুই বিডিআর কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/২০৪৪ঘ.