ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তা ও তাদের পরিবার পরিজন আটক থাকা অবস্থায় সাধারণ ক্ষমা ঘোষণাকে সরকারের কৌশলগত বিরাট ভুল বলে মনে করছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করেছেন। (বিস্তারিত)
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বলেন, "পিলখানায় সেনাসদস্য ও তাদের পরিবার পরিজন আটক থাকা অবস্থায় সাধারণ ক্ষমা ঘোষণার কৌশল বিরাট ভুল হয়েছিল বলে আমি মনে করি। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে গেছে। এটা স্পষ্ট যে পিলখানায় আটক সেনা কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজনদের উদ্ধার অভিযানের অনুমতি দিতে দেরি করা হয়েছে।"
তিনি বলেন, "বিডিআর সদরদপ্তরে রক্তক্ষয়ী ঘটনার পেছনে দেশবিরোধী শক্তির ইন্ধন ছিল। ইতোমধ্যে তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে।"
খালেদা জিয়া অবিলম্বে এই 'ষড়যন্ত্র' উদঘাটনের দাবি জানান।
বিএনপি চেয়ারপার্সন বিডিআরের 'পুনর্গঠন' ও এই বাহিনীতে 'চেইন অব কমান্ড' প্রতিষ্ঠা খুবই জরুরি বলে মন্তব্য করেন ।
তিনি বলেন, "পিলখানার ঘটনায় দেশজুড়ে বিভিন্ন বাহিনীর মধ্যে পারস্পরিক যে অসন্তোষ ও অবিশ্বাস দেখা দিয়েছে তা জাতীয় স্বার্থে দ্রুত নিরসন করতে হবে। এখন প্রতিশোধ, প্রতিহিংসার সময় নয়। আমরা জাতি হিসেবে বিরাট ঝুঁকির মুখে পড়েছি। এখন দরকার সর্বোচ্চ সতর্কতা ও ঐক্য।"
তিনি অভিযোগ করেন, জওয়ানদের সঙ্গে আলোচনার নামে সময়ক্ষেপণ ও জুনিয়র পর্যায়ের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সাবেক প্রধানমন্ত্রী পিলখানার ঘটনাবলীর সুস্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানান সরকারের কাছে।
সেইসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, "জাতি জানতে চায় সাধারণ ক্ষমার পর অস্ত্র সমর্পণ করে হত্যাকারীরা কীভাবে পালিয়ে যেতে পারলো।"
বিডিআর সদর দপ্তরে নিহতদের স্মরণে জাতীয় শোক পালনে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিলম্বে হলেও নিহতদের স্মরণে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।"
লিখিত বক্তব্যে খালেদা সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে নিহত সেনাসদস্যদের মুক্তিপ্রাপ্ত পরিবার পরিজনদের দেওয়া বর্ণনা উল্লেখ করে বলেন, "আহত ও নিহত সেনাসদস্যদের পরিবারবর্গ যে পৈশাচিক ঘটনাবলীর বিবরণ দিয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না।
"তারা বলেছেন, হত্যার পরও লাশের ওপর বেয়নেট দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে। নারী ও শিশুদের ওপর নির্যাতন করে তাদের মেরে ফেলা হয়েছে। এসব ঘটনায় আমাদের শৃঙ্খলা বাহিনীর সুনাম ও ঐতিহ্য যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তা অপূরণীয়।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ সভাপতি এম কে আনোয়ার, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ কেন্দ্রীয় নেতারা।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএমএ/এইচএ/২২২২ঘ.
bdnews24