ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ২৪ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশের এই সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ঢাকায় আমেরিকান সেন্টারের একজন মুখপাত্র শুক্রবার বিকেলে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং নব নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।"
মুখপাত্র বলেন, "এই সংকটময় সময়ে সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি পুনর্ব্যক্ত করেছেন।
"বিডিআর বিদ্রোহে হতাহতের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ রাইফেলস সদরদপ্তরে বিদ্রোহ সংশ্লিষ্ট সহিংসতার আমরা নিন্দা জানাচ্ছি। আমরা ওই সহিংসতায় আহতদের প্রতি সহানুভূতি জানাই এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি সমবেদনা।"
ওই মুখপাত্র আরো বলেন, "রাষ্ট্রদূত মরিয়ার্টি বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গেও কথা বলেছেন। এবং এই সময়ে সরকারকে তার দলের সমর্থনের প্রশংসা করেন।"
এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক মুখপাত্র শুক্রবার রাতে বিডিনিউজ২৪ডটকমকে বলেছেন, "এই সংকটের সময় আমরা শেখ হাসিনার সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্যের।"
মুখপাত্র আরো বলেন, "বাংলাদেশ রাইফেলস সদরদপ্তরে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা ওই সহিংসতার নিন্দা জানাচ্ছি।"
বিডিনিউজ২৪ডটকম/কেআরসি/এইচএ/২৩৫৩ঘ.
bdnews24