২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল শাকিলসহ ৪৪ কর্মকর্তার লাশ উদ্ধার

পিলখানা থেকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৪৪ সেনা কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা থেকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৪৪ সেনা কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ। শুক্রবার বিকে পৌনে পাঁচটার দিকে সাংবাদিকদের তিনি বলেন, "বিডিআর সদর দপ্তরের ভিতরে হাসপাতালের মর্চুয়ারির পাশের জায়গা খুঁড়ে এ পর্যন্ত ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বিডিআরের ডিজি শাকিল আহমেদের লাশও রয়েছে।" তিনি বলেন, "শাকিল সাহেবের গায়ে কোনও ইউনিফর্ম ছিল না। তবে তাকে যেহেতু আমরা ব্যক্তিগতভাবে চিনি। তাই শনাক্ত করতে পেরেছি।" শুক্রবার সকাল থেকে চলা উদ্ধার অভিযানে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত পিলখানা থেকে ৪৪ জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে তিনি জানিয়েছেন। আবু নাঈম অরও বলেন, "যাদের লাশ আমরা পেয়েছি তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। কারও কারও পায়ে দড়িও বাঁধা ছিল। এগুলো সবই দরবার হল থেকে আনা হয়েছে বলে ধারণা করছি। কারণ, সবার গায়ে দরবার হলের পর্দার লাল কাপড় প্যাঁচানো ছিল।" এরা সবাই সেনাকর্মকর্তা। ডিজির স্ত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান। এর আগে শুক্রবার সকাল পর্যন্ত বিদ্রোহে নিহত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জিএনএ/১৮৫৪ ঘ.