ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিডিআর বিদ্রোহ কারো একার পক্ষে করা সম্ভব নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে।
শেখ হাসিনা বলেছেন, "এই ঘটনার তদন্ত হবে। এই ঘটনা কেনো ঘটলো ? কারা দোষী তা খুজে বের করবো। একটা গোষ্ঠীর ঈন্ধন ছাড়া এই ঘটনা ঘটেনি। ঘটনার পেছনে একটা গোষ্ঠীর ঈন্ধন অবশ্যই আছে। যারা ইন্ধন জুগিয়েছে তাদের খুঁজে বের করা হবে। সবাই যে জড়িত তা নয়। এর সঙ্গে একটা গ্র"প জড়িত ছিল। আমাদের খুঁজে বের করতে হবে এদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা ? অন্য কোনোভাবে তাদের ব্যবহার করতে চেয়েছিলো কি না ?"
পিলখানায় দু'দিন ধরে জিম্মি সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিরপুর সেনানিবাসে শুক্রবার দুপুরে দেখা করে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের প্রধানমন্ত্রী একথা বলেন।
আলোচিত বিডিআর বিদ্রোহে হতাহতদের উদ্ধার কার্যক্রম এখনো চলছে।
সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "প্রতিটি বাহিনীর একটা শৃঙ্খলা রয়েছে। তারা (বিডিআর) তদন্ত করে দেখবে আসলে কী হয়েছিল।"
হাসিনা সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, "এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেনো নতুন কিছু করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ইন্ধনদাতাদের খেলা এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র চলবে।"
প্রধানমন্ত্রী এ ঘটনাকে মর্মান্তিক অভিহিত করে বলেন, "অভিযোগ থাকতেই পারে। কিন্তু, তাই বলে ভাই ভাইকে মারবে। এতো নিষ্ঠুরতা কেনো ?"
বিদ্রোহ অবসানে সরকারের ভুমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা আরো বলেন, "আমাদের প্রথম কাজ ছিলো আটকে পড়া কর্মকর্তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করা। আমি বলবো, আমরা সফলতার সঙ্গে তা করতে পেরেছি।"
এরআগে তিনি সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্তনা দেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ এবং সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24