২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাঙ্ক ঢুকেছে পিলখানায়

রাতে ফেরত যাওয়া সেনা ট্যাঙ্ক পিলখানার বিডিআর সদর দপ্তরে আবার ঢুকেছে শুক্রবার সকালে। প্রদীপ চৌধুরী ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, সকাল ১০টা ৫৫ মিনিটে প্রথমে ছয়টি ট্যাঙ্ক ও ২০টি সাঁজোয়া গাড়ি সদর দপ্তরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 12:43 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাতে ফেরত যাওয়া সেনা ট্যাঙ্ক পিলখানার বিডিআর সদর দপ্তরে আবার ঢুকেছে শুক্রবার সকালে। প্রদীপ চৌধুরী ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, সকাল ১০টা ৫৫ মিনিটে প্রথমে ছয়টি ট্যাঙ্ক ও ২০টি সাঁজোয়া গাড়ি সদর দপ্তরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে। সাঁজোয়া যান সমেত সুসজ্জিত এ দলের সেনা সদস্যদের হাতে ভারি অস্ত্রও দেখা গেছে। এর আগে র‌্যাবের দুটি গাড়ি এবং কয়েকটি এম্বুলেন্সও সেখানে ঢুকে। দ্বিতীয় দফায় সেনাবাহনীর ট্রাক, ১৫টি জিপসহ বিপুল সংখ্যক সেনা সদস্য মার্চ করে বিডিআর দপ্তরে প্রবেশ করে অবস্থান নেয়। এর আগে সকাল আটটায় দ্বিতীয় দফা বিডিআর সদর দপ্তরের ভেতরে তল্লাশি অভিযান শুরু হয় পুলিশ ও র‌্যাবের নেতৃত্বে। বিডিআর বিদ্রোহীরা আত্মসমর্পণের পর বৃহস্পতিবার রাত আটটায় পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপরেই তারা উদ্ধার অভিযান চালায়। রাত চারটা পর্যন্ত চালানো অভিযানে মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। বিডিআর সদর দপ্তরে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, পিলখানায় বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাত চারটার দিকে তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। এদিকে নিখোঁজ আত্মীয় স্বজনদের সকাল থেকেই সদর দপ্তরের বাইরে ভিড় করেছে আত্মীয় স্বজনরা। শুক্রবার সকালে আরো ছয়টি লাশের পরিচয় মিলেছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ১১টি লাশের মধ্যে দুটি হল অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী লাভলী বেগমের। অন্যরা হলেন- মেজর হুমায়ন, সুবেদার আবুল কাশেম, নায়েক সুবেদার বছির উদ্দিন, ল্যান্স নায়েক মানিক, সহকারী পরিচালক (এডি) খন্দকার আব্দুল আওয়াল, কর্ণেল আফতাব, বিডিআর'র এক সদস্য, দুটি শিশু। নায়েক সুবেদার বছির উদ্দিনকে সনাক্ত করেছেন তার ভাই মো: আব্দুল মোতালেব, মেজর হুমায়নকে সনাক্ত করেছেন তার চাচা শ্বশুর আবুল কাশেম, সুবেদার আবুল কাশেমকে সনাক্ত করেছে লালবাগ থানা পুলিশ, ল্যান্স নায়েক মানিককে তার মামা, কর্নেল আফতাবকে তার শ্যালক শাহাবুদ্দিন সনাক্ত করেছে। এছাড়া সকাল ১০টা থেকে ধানমণ্ডির জিগাতলা সড়কে স্বল্প সংখ্যক যানবাহন চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/পিসি/এফএফ/জিএনএ/১৩৭ ঘ.