২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বপন ভাই ম্যানহোল থেকে বেরিয়ে আসুন, বিপদ নাই'

ম্যানহোলের ভেতর মাথা ঢুকিয়ে টর্চ মেরে এক ব্যক্তি চিৎকার করছিলেন- "স্বপন ভাই আমি বাপ্পি, ভেতরে থাকলে বেরিয়ে আসেন, এখন আর বিপদ নাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

গোলাম মর্তূজা অন্তু প্রতিবেদক, বিডিনিউজ ২৪ ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - ম্যানহোলের ভেতর মাথা ঢুকিয়ে টর্চ মেরে এক ব্যক্তি চিৎকার করছিলেন- "স্বপন ভাই আমি বাপ্পি, ভেতরে থাকলে বেরিয়ে আসেন, এখন আর বিপদ নাই।" বিডিআর এক নম্বর ফটকের সামনে বৃহস্পতিবার রাত দেড়টার দৃশ্য এটি। খোঁজ নিয়ে জানা গেল, বাপ্পি তার ভগ্নিপতি মেজর গাজী মোছাদ্দেক হোসেন স্বপন এর সন্ধান করছেন। বাপ্পি বলেন, "বৃহস্পতিবার সকালে মেজর স্বপন ম্যানহোলের ভেতর থেকে মোবাইল ফোনে সেনানিবাসের সহকর্মীদের কাছে লিখিত বার্তা পাঠান। ওই বার্তায় তাকেসহ গুরুতর আহত আরও চার সেনা কর্মকর্তাকে বাঁচানোর অনুরোধ জানান তিনি।" তিনি বলেন, "সন্ধ্যা পার হয়ে রাত নামলেও স্বপন ভাইয়ের কোন খোঁজ না পাওয়ায় আমরা নিজেরাই চাঁন মিয়া নামে এক ভবঘুরেকে ভাড়া করে শাবল-গাইতি নিয়ে ম্যানহোলগুলোতে তল্লাশি চালাচ্ছি।" এভাবে কতক্ষণ তল্লাশি চালাবেন জানতে চাইলে তিনি বলেন, "যতক্ষণ না তাকে পাই তল্লাশি চালিয়ে যাবে। প্রয়োজনে সকালে আরও লোকজন নিয়ে খোঁজ করব।" ফটকে প্রহরারত পুলিশ সদস্যরা জানান, পিলখানার ভেতরে দমকলকর্মীরা পয়ঃনিষ্কাশনের পাইপে পানি দিচ্ছেন। যাতে ভেতরে কারো লাশ বা কেউ আটকে থাকলে ভেসে বাইরে আসতে পারে। বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এএনএস/এমএসবি/এইচএ/০৩২৫ ঘ.