রাঙামাটি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের আরেকটি মামলার বিচার কাজ বুধবার বিকালে শুরু হয়েছে।
সকালে একই আদালতে লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার কাজ চলে।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতের বিচারকাজ পরিচালনা করেন। অপর দুই চিারক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর মোস্তফা আল মামুন।
এই মামলায় মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ বিডিআর সদস্যদের বিচার হবে।
বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্ষন্ত অভিযোগ উপাস্থাপন করেন মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের প্রত্যক্ষদর্শী নায়েক সুবেদার সিগন্যালম্যান মো. রেজাউর রহমান।
আদালতের সভাপতি বক্তব্য শোনার পর অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করেন।
এর আগে আদালত অভিযুক্তদের মধ্যে ইউনিটের কোয়ার্টার গার্ডে অবস্থানরত ৫৮ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো এবং তাদেরসহ জেল হাজতে থাকা বাকি ১৭ জনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আদালতে উপস্থিত রাখার নির্দেশ দেন।
এ মামলায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম-উর রহমান।
অভিযুক্ত ৭৫ জনের মধ্যে তিনজন সুবেদার, পাঁচজন নায়েক সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক ও ৩২ জন সিপাহী রয়েছেন।
এদের ১৭ জন রাঙামাটি জেলা কারাগারে রয়েছেন।
মারিশ্যার ৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের প্রত্যক্ষদর্শী নায়েক সুবেদার সিগন্যালম্যান মো. রেজাউর রহমান আদালতে বলেন, আসামিরা সম্মিলিতভাবে বিদ্রোহের উদ্দেশ্য একে অপরের সহযোগিতায় এ বছরের ২৬ ফ্রেরুয়ারি পিলখানা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তারা উচ্ছৃংখলতা সৃষ্টি, নিজ উদ্যাগে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে প্রত্যক্ষভাবে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল।
আসামিদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য, তথ্য ও দালিলিক প্রমাণাদি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/এজে/২২২৪ ঘ.
bdnews24