২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ৯ বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিডিআর বিদ্রোহ মামলার বিচারে রাঙামাটির বিশেষ আদালতে রোববার নয় জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা সবাই ১২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

রাঙামাটি, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ মামলার বিচারে রাঙামাটির বিশেষ আদালতে রোববার নয় জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা সবাই ১২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য। এছাড়া আরও দু'জনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। বিকেল তিনটায় বিশেষ আদালত-৪ এর সভাপতি ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মঈনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আদালতের কাজ শুরু করে। আদালতের অপর দুই সদস্য হলেন বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মো. রউফ এবং মেজর গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সোহরাওয়ার্দী। এছাড়া সরকার পক্ষে ছিলেন আইনজীবি মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম মঞ্জু। আসামী পক্ষকে সহায়তা করেন শাহাদাৎ হোসেন চৌধুরী, এস ইউ এম নুরুল ইসলাম ও এএসএম রেজাউল করিম রেজা। বিচার কার্যক্রমের শুরুতেই আদালতের সভাপতি আসামিদের যথাযথভাবে হাজির করা হয়েছে কিনা তা প্রসিকিউটর লে. কর্নেল হাবিবুর রহমানের কাছে জানতে চান। অভিযুক্তদের মধ্যে পাঁচ জনকে রাঙামাটি কারাগার থেকে এবং রাঙামাটি সেক্টর সদরদপ্তরের কোয়ার্টারগার্ড থেকে অন্য চারজনকে যথাযথভাবে হাজির করা হয়েছে বলে প্রসিকিউটর আদালতকে জানান। এরপর সভাপতি বলেন, "৩২ দিন বিরতির পর আদালত কার্যক্রম শুরু করেছে। অভিযুক্তদের সব ধরনের বিচারিক সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশের মানুষ বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত এবং যথাযথ হোক এটাই কামনা করে।" পরে প্রসিকিউটরকে তার বক্তব্য দেওয়ার জন্য সভাপতি আহ্বান জানান। অভিযুক্ত নয় বিদ্রোহী সদস্যের বিভিন্ন অপরাধের যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলে প্রসিকিউটর আদালতকে জানান। আদালতের সভাপতি অভিযুক্ত নয় জওয়ানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) পড়ে শোনানোর পর মামলার শুনানি কার্যক্রম শুরুর ঘোষণা দেন। শুনানির শুরুতেই প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী ও তিন নম্বর সাক্ষী ১২ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রিয়াজউদ্দীন আহমেদের সাক্ষ্য নেওয়ার আবেদন জানান প্রসিকিউটর। রিয়াজউদ্দীন ২৫ ও ২৬ ফেরুয়ারি ১২ রাইফেলস ব্যাটালিয়নে অভিযুক্ত নয়জনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন। প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সভাপতি বিডিআর আইন অনুযায়ী সাক্ষীকে জেরার জন্য আসামিদের আহ্বান জানান। অভিযুক্তরা তাদের আইনজীবির সহায়তায় বিভিন্ন প্রশ্ন করেন। এরপর ১২ রাইফেলস ব্যাটালিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আলাউদ্দীনের স্ত্রী আলেয়া ফেরদৌস দীপ্তি সাক্ষ্য দেন। নিয়ম অনুযায়ী আসামিদের একজনও তাকে জেরা করেন। পরে সভাপতি আগামী ২৯ ডিসেম্বর সকাল নয়টা পর্ষন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। গত ২৪ ও ২৫ নভেম্বর এ নয় অভিযুক্তকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। পরে আদালতের সভাপতি অভিযুক্তদের অভিযোগ খণ্ডনের সময় দিয়ে আদালত মুলতবি ঘোষণা করেন। ঢাকায় পিলখানা বিডিআর সদরদপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে বিডিআর এর স্থাপনাগুলোতে বিদ্রোহের বিচারে ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। বিডিআর মহাপরিচালক পদাধিকারবলে প্রতিটি আদালতের সভাপতির দায়িত্ব পালন করবেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় গত ২৪ নভেম্বর প্রথম রাঙামাটির বিশেষ আদালতে বিচার শুরু হয়। এছাড়া সাতক্ষীরা ও ফেনীতেও দুটি বিশেষ আদালতে বিচারকাজ শুরু হয়েছে। এ বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.