২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় আরো এক বিডিআর সদস্যের মৃত্যু

পিলখানায় বাংলাদেশ রাইফেলস সদরদপ্তরে রোববার মো. রোকনুজ্জামান (২৯) নামে এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বাংলাদেশ রাইফেলস সদরদপ্তরে রোববার মো. রোকনুজ্জামান (২৯) নামে এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। নেত্রকোনা ১৬ রাইফেলস ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত রোকনুজ্জামান সদরদপ্তরে সংযুক্ত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে বিডিআর সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ বলেন, "বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছে সংবাদ পেয়ে আমরা রোকনুজ্জামানের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।" দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামানের উপস্থিতিতে বিডিআর হাসপাতালে মৃতদেহের সুরতহাল করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত হয়। এদিকে বিডিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাতটার দিকে ফজরের নামাজ শেষে কোরআন শরীফ পড়ার সময় রোকনুজ্জামান হঠাৎ মেঝেতে ঢলে পড়েন। দ্রুত বিডিআর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় বিডিআর সদরদপ্তরে নামাজে জানাযা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। নিউমার্কেট থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর বিভিন্ন ধরনের অসুস্থতায় এ নিয়ে মোট ৬৬ জন বিডিআর সদস্যের মৃত্যু হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২২১৮ ঘ.