রাঙামাটি, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাস মুলতবি থাকার পর রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার পুনরায় শুরু হয়েছে।
রোববার বিকাল ৩টায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর এদিন আদালতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
গত ২৪ নভেম্বর রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। পরে ২৫ নভেম্বর নয় বিডিআর সদস্যের উপস্থিতিতে শুনানির পর বিচার কার্যক্রম মুলতবি করা হয়।
আসামিরা হলেন- শিব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, সারোয়ার কামাল, শামসুল হক ও রাসেল কবির।
এদের মধ্যে তিনজন হাবিলদার, একজন সিগন্যালম্যান ও পাঁচজন সিপাহী।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিডিআরের রাঙামাটি সেক্টরের ১২ ব্যাটালিয়নের একটি ভবনে স্থাপিত বিশেষ আদালতের বিচারকাজ পরিচালনা করছেন।
আদালতের অপর দুই বিচারক হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর মোস্তফা আল মামুন।
ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় রাঙামাটি জেলার পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে জওয়ানরাও বিদ্রোহ করে।
এদের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক বিদ্রোহ মামলা করা হয়। বাকি ৩০ জন জওয়ানকে পর্যায়ক্রমে আদালতে মুখোমুখি করা হবে বলে বিডিআর কর্মকর্তারা জানান।
ঢাকার পিলখানা সদর দপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা ও ফেনীতে বিডিআর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এমআই/১৬০১ ঘ.
bdnews24