২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর বিদ্রোহীদের বিরুদ্ধে লুট ও সন্ত্রাসের অভিযোগ

ফেনীর বিদ্রোহী বিডিআর সদস্যদের বিরুদ্ধে লুট, গুজব ছড়ানো ও সন্ত্রাসের অভিযোগ এনেছেন প্রসিকিউটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 06:58 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ফেনী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর বিদ্রোহী বিডিআর সদস্যদের বিরুদ্ধে লুট, গুজব ছড়ানো ও সন্ত্রাসের অভিযোগ এনেছেন প্রসিকিউটর। সোমবার সকাল ১০টায় ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে বিশেষ আদালতে অভিযুক্ত ৬২ বিডিআর সদস্যকে হাজির করা হয়। আদালতের বিচারক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম আসামীদের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৭ দিনের সময় দিয়ে ২৪ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। সোমবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাউদ্দিন গত ২৬ ফেব্র"য়ারি ফেনীর যায়লস্করে বিডিআরের ১৯ রাইফেল ব্যাটালিয়নের দপ্তরে সংঘটিত কথিত ঘটনার বর্ণনা দেন। দ্বিতীয় দিনের বিচারকাজ শেষে লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, এই ব্যাটালিয়নের বিদ্রোহের নেতৃত্ব দেন সুবেদার মেজর ফকির আব্দুল জলিল এবং বি এইচ এম হাবিলদার মোহম্মদ রুহুল আমিন। সেদিন হাবিলদার খোরশেদ কবির, হাবিলদার ফজলুল হক, হাবিলদার মোহম্মদ আলীসহ আরো নয়জন সেনাবাহিনীর নন কমিশনড অফিসারদের ফেনী ব্যাটালিয়নে আক্রমণের 'বানোয়াট গুজব' ছড়ায়। তিনি ব্যাটালিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহম্মদ একরামুল কবির হাওলাদার এবং অপারেশন অফিসার মেজর মোহাম্মদ মাসুদ হায়দারের 'অল্পের জন্য জীবন রক্ষা পাওয়ার কাহিনী' তুলে ধরেন। তিনি বলেন, সিপাহী হাবিবুল হাসান হিরোসহ ছয় জন সৈনিক মশারি, রড ও শাবল দিয়ে অস্ত্রাগারের তালা ভেঙ্গে অস্ত্র লুট করে এবং সিপাহী চিং থোয়া ইউ মারমাসহ সাত জন সৈনিক গোলা বারুদ লুট করে বিদ্রোহের সময়। সেদিন নায়েক মাহবুবুর রহমান এবং নায়েক মোখলেসুর রহমানের নেতৃত্বে মোল্লাঘাটা বাজারের দোকানপাট বন্ধ করে 'আতঙ্ক' সৃষ্টি করে এবং ফেনী-মাইজদী মহাসড়ক ব্যারিকেড দিয়ে অবরোধ করে সৈনিকরা। অপরাধীদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে সত্যতা প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী বিশেষ আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাউদ্দিন। বিচারকাজে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ সোসেন, লেফটেন্যান্ট কর্ণেল মো. আখতারউজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। রোববার বিদ্রোহের অভিযোগে ফেনীতে ৬২ জওয়ানের বিচার শুরু হয়। আদালতে বিচারক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। গত ২৪ নভেম্বর রাঙামাটির বিশেষ আদালতের কাজ শুরুর মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। এরপর কাজ শুরু করে সাতক্ষীরার বিশেষ আদালত। এরপরই শুরু হয় ফেনীর বিচার প্রক্রিয়া। ফেনীর আদালতে ১৯ ব্যাটালিয়নের সদর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল উদ্দিন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। বিদ্রোহে অভিযুক্ত জওয়ানদের রোববার আদালতে তোলা হয়নি। বিডিআর আইনে চলা এ বিচার প্রক্রিয়ায় অভিযুক্তরা আদালতে 'আত্মপক্ষ সমর্থনের' সুযোগ পাচ্ছে। কেউ চাইলে বিডিআর কর্মকর্তা বা কোনো আইনজীবীর পরামর্শও নিতে পারবে। তবে কোনো আইনজীবী তাদের পক্ষে শুনানি করতে পারবে না। বিডিআর সদর দপ্তর পিলখানায় চলতি বছরের ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। তখন রাজধানীর বাইরে কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ওই বিদ্রোহের ঘটনায় ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে মোট সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২৫৫ ঘ.