২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদ্রোহের বিচার শুরু

বিদ্রোহের অভিযোগে ফেনীতে ৬২ জওয়ানের বিচার রোববার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে ফেনীতে ৬২ জওয়ানের বিচার রোববার শুরু হয়েছে। ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি বিশেষ আদালতে বিকাল ৩টায় বিচার কাজ শুরু হয়। আদালতে বিচারক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। গত ২৪ নভেম্বর রাঙামাটির বিশেষ আদালতের কাজ শুরুর মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। এরপর কাজ শুরু করে সাতক্ষীরার বিশেষ আদালত। এরপরই শুরু হলো ফেনীর বিচার প্রক্রিয়া। ফেনীর আদালতে ১৯ ব্যাটালিয়নের সদর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল উদ্দিন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। বিদ্রোহে অভিযুক্ত জওয়ানদের রোববার আদালতে তোলা হয়নি। সোমবার তাদের হাজির করা হবে বলে বিডিআর কর্মকর্তারা জানান। বিচার শেষে ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বিচার কাজের বর্ণনা দেন। বিডিআর আইনে চলা এ বিচার প্রক্রিয়ায় অভিযুক্তরা আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে। কেউ চাইলে বিডিআর কর্মকর্তা বা কোনো আইনজীবীর পরামর্শও নিতে পারবে। তবে কোনো আইনজীবী তাদের পক্ষে শুনানি করতে পারবে না। পিলখানায় চলতি বছরের ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। তখন রাজধানীর বাইরে কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ওই বিদ্রোহের ঘটনায় ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সারাদেশে মোট সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১০ ঘ.