২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরেই পিলখানা হত্যার অভিযোগপত্র

বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগপত্র ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 11:50 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগপত্র ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঞ্চল্যকর মামলাগুলোর মনিটরিং সেলের এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় দেশের বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর মামলার পর্যালোচনা শেষে ১০টি মামলাকে তালিকাভুক্ত করা হয়। এছাড়া চারদলীয় জোট সরকার আমলের ছয়টি মামলাকে পুনরায় তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। পুন:তদন্তের জন্য নির্দেশ দেওয়া মামলাগুলো হলো- ২০০১ সালে খুলনায় কাদিয়ানী মসজিদে বোমা হামলা, ২০০১ সালে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার দুটি মামলা, ২০০১ সালে বাগেরহাটের মোল্লারহাটে শেখ হেলালের জনসভায় বোমা হামলা, ২০০১ সালের সাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বাসায় বোমা হামলা ও ২০০৪ সালে সিলেটে শাহজালাল (র) মাজারে বোমা হামলা মামলা। তিনি বলেন, "এসব মামলার পাশাপাশি রাজধানীতে গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মামলাটিও চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" মন্ত্রী বলেন, বিডিআর হত্যা মামলা ছাড়াও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলা, বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যা মামলা, ডা. তামান্না হত্যা মামলা ও নান্দাইলের তাহের সুজন হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরু করতে চাঞ্চল্যকর মামলা হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অভিযোগপত্র দেওয়ার পরই বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে ঢাকার বাইরে যেসব স্থানে বিডিআর বিদ্রোহ হয়েছিল তার দুটি জেলায় বিচার শুরু হয়েছে।" বাংলাদেশে উলফার তৎপরতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কে কখন কোথায় কি করে তাতো জানা নেই। তবে গোয়েন্দারা সন্ত্রাসীদের গ্রেপ্তারে সচেষ্ট ও ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে।" এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমইউএস/জিএনএ/১৭৪৬ঘ.