২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অভিযোগ গঠন ১৮ জানুয়ারি

বিডিআর বিদ্রোহে একাত্মতা প্রকাশকারী সাতক্ষীরার ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে একাত্মতা প্রকাশকারী সাতক্ষীরার ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকালে সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত এ তারিখ ধার্য করে। সোমবার বিশেষ আদালতে জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অবস্থিত ৭ রাইফেলস ব্যাটালিয়নের এই ৬০ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। অভিযুক্ত বিডিআর সদস্যদের মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে হাজির করার পর বিশেষ আদালতের কাজ শুরু হয়। এদের মধ্যে শ্যামনগর থানায় করা বিদ্রোহের মামলায় কারাগারে আটক ছিলেন ৩৪ জন। পরে তদন্তে আরো ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে গ্রেপ্তার করে আদালতে আনা হয়। প্রসিকিউটর নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম তাদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃংখলা ভঙ্গ, ভাংচুর, লুটপাটসহ একাধিক ঘটনায় বিদ্রোহের অভিযোগ আনেন। সকাল ১১ টা ৫ মিনিটে বিচার কার্যক্রম শেষ হওয়ার পর বিডিআর সদস্যদের সবাইকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। বিচারকাজ পরিচালনা করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আদালতের অপর দুজন বিচারক ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী খালিদ হোসেন ও মেজর লুৎফুল করিম। গত মাসে রাঙামাটিতে নয় বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে বিদ্রোহের বিচার শুরু হয়। গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটেলিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের ঘটনায় ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/এমএসবি/১৭১৪ ঘ.