সাতক্ষীরা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিদ্রোহীদের সঙ্গে সাতক্ষীরায় যে সব জওয়ান একাত্মতা প্রকাশ করেছিলো তাদের বিচার সোমবার শুরু হয়েছে।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কাজ বেলা ৩টায় শুরু হয়। ৪টা ১০ মিনিটে আদালত মুলতবি হয়। মঙ্গলবার আবার আদালত বসবে।
প্রথম দফায় শ্যামনগর উপজেলার নীলডুমুরের ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬১ জন বিডিআর সদস্যের বিচার হচ্ছে।
রাঙামাটির জওয়ানদের বিচারের মধ্য দিয়ে গত মাসে বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন বিশেষ আদালতে সভাপতিত্ব করেন। অপর দুজন বিচারকের মধ্যে একজন লেফট্যানেন্ট কর্নেল ও একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল এবং বিশেষ কৌঁসুলি (পিপি) শশাঙ্ক শেখর সরদার ও মো. খসরুজ্জামান।
সকাল থেকে আদালতের চারপাশে পুলিশ, বিডিআর, র্যাব ও গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করা হয়। বিডিআর ব্যাটালিয়নের আশেপাশে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হয়নি।
বিদ্রোহের অভিযোগে সাতক্ষীরার নীলডুমুরের ৭ রাইফেলস ব্যাটালিয়নের ৬১ জনের বিচার সাতক্ষীরায় হচ্ছে। এর মধ্যে শ্যামনগর থানায় করা বিদ্রোহের মামলায় কারাগারে আছেন ৩৪ জন। অভিযুক্ত বাকি ২৭ জন ব্যাটালিয়ন হেফাজতে আছেন।
জেলার অপর ব্যাটালিয়ন ৪১ রাইফেলসে বিদ্রোহের ঘটনায় সদর থানায় করা মামলায় ২৭ জন কারাগারে আছেন। তাদের বিচার পরে হবে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযুক্ত জওয়ানরা আইনজীবী বা অন্য যে কোনো বিডিআর কর্মকর্তার কাছ থেকে আইনি পরামর্শ নিতে পারবে। কিন্ত তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে আইনি লড়াই করতে পারবে না।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ২৬ ও ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেলস ব্যাটালিয়ন ও শহরের ৪১ রাইফেলস ব্যাটেলিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের ঘটনায় ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এসব আদালতে বিডিআর আইনে প্রায় ৩৫০০ সদস্যের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
পিলখানায় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১৬১৮ ঘ.
bdnews24