২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে ৯ জওয়ান, ২৭ ডিসেম্বর আবার শুনানি

বিদ্রোহের মামলায় রাঙামাটির বিশেষ আদালতে বুধবার নয় বিডিআর সদস্যের উপস্থিতিতে শুনানির পর বিচার কার্যক্রম আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

রাঙামাটি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রাঙামাটির বিশেষ আদালতে বুধবার নয় বিডিআর সদস্যের উপস্থিতিতে শুনানির পর বিচার কার্যক্রম আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিডিআরের রাঙামাটি সেক্টরের ১২ ব্যাটালিয়নের একটি ভবনে সকাল পৌনে ১০টায় আদালতের কাজ শুরু হয়। মঙ্গলবার বিচার শুরুর দিন করা না হলেও এদিন কারাগার থেকে আদালতে আনা হয় নয় আসামিকে। তারা হলেন- শিব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমন, সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, সারোয়ার কামাল, শামসুল হক ও রাসেল কবির। এদের মধ্যে তিনজন হাবিলদার, একজন সিগন্যালম্যান ও পাঁচজন সিপাহী। প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাবিবুল করিম আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেন। আসামিরা তাদের পক্ষে বেসামরিক আইনজীবী বা বিডিআর কর্মকর্তার (আইনি সহায়তাকারী) সহায়তা নিতে চাইলে বিডিআর কর্তৃপক্ষের নিয়োজিত প্রসিকিউটরকে জানাতে নির্দেশ দেন আদালত প্রধান। বেলা সোয়া ১০টার দিকে তিন বিচারকের সমন্বয়ে গঠিত এ আদালতের প্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত বিচার কাজ মুলতবি করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর সেদিন আদালতে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। আদালতের অপর দুই বিচারক হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর মোস্তফা আল মামুন। সরকারের নিয়োজিত বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম বুধবার আদালতে ছিলেন। বিডিআর আইনে মঙ্গলবার এ আদালতে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। নয় আসামিদের মধ্যে পাঁচ জনকে রাঙামাটি কারাগারে এবং চারজনকে রাজনগরস্থ ১২ রাইফেলস ব্যাটালিয়নে রাখা হয়েছে। ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় রাঙামাটি জেলার পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে জওয়ানরাও বিদ্রোহ করে। এদের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক বিদ্রোহ মামলা করা হয়। বাকি ৩০ জন জওয়ানকে পর্যায়ক্রমে আদালতে মুখোমুখি করা হবে বলে বিডিআর কর্মকর্তারা জানান। ঢাকার পিলখানা সদর দপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এমআই/১৬১০ ঘ.