ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ১৯ বিডিআর সদস্য জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।
মঙ্গলবার বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য তারা ঢাকার মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে আবেদন করেন।
তারা হলেন সিপাহী নান্নু মিয়া, হাবিবুর রহমান, মো. ইব্রাহীম, হাবিলদার মাসুদ ইকবাল, নায়েক সুবেদার হেলালউদ্দিন, হাবিলদার আবু তাহের ও এনামুল হক, সিপাহী দেলোয়ার খান, হায়দার আলী, সেলিম উদ্দিন খান, ল্যান্স নায়েক বাবলু মিয়া, সিপাহী সোলাইমান মিয়া, পাচক জিকু শেখ, সিপাহী শাহজাহান হোসেন, নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার, হাবিলদার মোক্তার হোসেন ও সিপাহী সুজিত ভট্টাচার্য।
হাকিম কোনো আদেশ না দিয়ে আবেদনগুলো মামলার নথিতে রাখার নির্দেশ দেন।
এ নিয়ে ৮৪ জন বিডিআর সদস্য জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলেন।
এদিন ১৯ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হলে তারা হাতে লেখা আবদনগুলো স্বাক্ষর করে জমা দেন। জিজ্ঞাসাবাদের সময় তাদেও নির্যাতন করে জোরপূর্বক জবানবন্দি আদায় করা হয় বলে প্রায় প্রত্যেকটি আবেদনেই অভিযোগ করা হয়েছে। এমনকি 'ক্রস ফায়ারের' ভয় দেখিয়েও জবানবন্দি আদায় করা হয় বলে তারা জানান।
এ বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় পুলিশের পরিদর্শক নবজোতি খীসা বাদি হয়ে ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাস্থল নিউমার্কেট থানা এলাকার মধ্যে হওয়ায় মামলাটি পরে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। এ মামলায় এ পর্যন্ত ২ হাজার ১৬১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ২৯ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।
এ পর্যন্ত ২ হাজার ১৪৩ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ৫৩৭ বিডিআর সদস্য।
আগামী ২৩ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24