রাঙামাটি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে স্থাপিত বিশেষ আদালতে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে মঙ্গলবার বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে। ১২ রাইফেলস ব্যটালিয়নের পাঁচ বিডিআর জওয়ানকে বুধবার হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।
দুপুর তিনটায় এ আদালত বসে। এ সময় অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম।
এর আগে আড়াইটার দিকে তিন সদস্যের এ আদালতের প্রধান ও বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এজলাসে আসন নেন। তিনটার দিকে তিনি বিশেষ আদালত গঠনের বিষয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপন পড়ে শোনান। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী আদালতের প্রধান এবং অপর দুই সদস্য লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মানুকে শপথ বাক্য পাঠ করান। এরপর শপথ নেন অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রতিনিধি।
এদিন লংগদু ১২ রাইফেলস ব্যটালিয়নের প্রত্যক্ষদর্শী উপ-সহকারী পরিচালক (ডিএডি) রিয়াজ উদ্দীন আদালতে প্রাথমিক অভিযোগনামা দাখিল করেন। এ ব্যাটালিয়নের মোট নয়জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিকাল সাড়ে ৩টার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এদিকে আদালত মুলতবির পর আদালত ভবনের নিচ তলায় সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল হাবিব।
তিনি জানান, অভিযুক্ত নয় জনের মধ্যে পাঁচ জনকে রাঙামাটি জেলা কারাগারে এবং চারজনকে ইউনিট কোয়ার্টার গার্ডে রাখা হয়েছে।
কর্নেল হাবিব বলেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ রয়েছে, যা বিডিআর আইন ১৯৭২ (বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২) এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এর পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ১২ রাইফেলস ব্যাটালিয়ন রাজনগরে কোনো হত্যাকাণ্ড না ঘটলেও এ ঘটনাকে হালকা করে দেখার অবকাশ নেই। কারণ এ ব্যাটালিয়নেরই ১২ জন সদস্য ওই সময়ে পিলখানায় সরাসরি হত্যাকাণ্ড ও বিদ্রোহে অংশ নিয়েছিলো।
এক প্রশ্নের জবাবে সরকার পক্ষের কৌঁসুলি মঞ্জুরুল আলম সাংবাদিকদের জানান, বুধবার পাঁচ আসামিকে আদালতে হাজির করার পর তাদের বিরুদ্ধে অনীত অভিযোগগুলো পড়ে শুনানো হবে। আসামিরা দুজন কৌঁসুলি বা বিডিআর কর্মকর্তার সহযোগিতা নিতে পারেন। তবে তারা যদি অপরাধ স্বীকার না করেন তাহলে ২৭ দিনের মধ্যে শুনানি গ্রহণ করা হবে।
আদালতে দর্শনার্থীদের মধ্যে সাংবাদ কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিডিআর সদরদপ্তরে এ বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত গঠন করে বিডিআর আইনে বিচার হচ্ছে। পিলখানায় হত্যাযজ্ঞ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বিচার চলছে প্রচলিত আইনে বিশেষ আদালতে।
অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/এএল/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24