ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচারকাজ মঙ্গলবার শুরু হচ্ছে। প্রথম আদালত বসছে পার্বত্য রাঙামাটিতে।
বুধবার অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।
পিলখানায় বিডিআর সদর দপ্তরে সোমবার এক সংবাদ সম্মেলনে বিডিআরের উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়েদুল হক একথা বলেন।
তিনি বলেন, "বিডিআর আইনের অধীনে গঠিত বিশেষ আদালত ৪-এ মঙ্গলবার থেকে বিচার কার্যক্রম শুরু হবে। এখানে শুধু বিডিআরের সদস্যদের বিদ্রোহের বিচার হবে।"
বিডিআর বিদ্রোহের মামলায় এক হাজার ৭৭৯ জনকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে মাস দুয়েক আগে আদালতে রেফারেন্স উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। এতে ঢাকার বাইরে আরো ৪০ মামলায় এক হাজার ৭২১ জনকে গ্রেপ্তারের কথাও বলা হয়।
ঢাকার পিলখানা সদরদপ্তরে ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিআর আইন অনুযায়ী বিডিআর মহাপরিচালক আদালতে সভাপতিত্ব করবেন। লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার আরো দুজন কর্মকর্তা থাকবেন। এছাড়া অ্যার্টনি জেনারেল মনোনীত একজন প্রতিনিধি বিশেষ আদালতকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবেন।
এ আদালতে অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। এজন্য তারা বাহিনীর কোনো কর্মকর্তা বা আইনজীবীর সহায়তাও নিতে পারবেন।
ব্রিগেডিয়ার জেনারেল ওবায়েদুল হক জানান, পর্যায়ক্রমে অন্যান্য আদালতের বিচার প্রক্রিয়াও শুরু হবে।
আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি বিডিআর সদর দপ্তরের একটি ভবনের দোতলায় বিচারের এজলাস বসানো হয়েছে। বিচারিক কার্যক্রম চলবে দুপুর তিনটা থেকে ৬টা পর্ষন্ত।
তবে প্রথম দিনে আদালতে শুধু অভিযোগ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিডিআরের রাঙামাটি সদর দপ্তরের কামন্ডার কর্নেল মো. সিদ্দিকুর রহমান সরকার।
তিনি আরো জানান, বুধবার অভিযুক্তদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করা হবে।
বিডিআর বিদ্রোহের ঘটনার পর রাঙামাটির লংগদু, বাঘাইছড়ি ও বরকল থানায় তিনটি পৃথক মামলায় ৩৯ জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা নবম রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন, লংগদু উপজেলার রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নের ৫ জন ও বরকল উপজেলার ১৮ রাইফেল ব্যাটালিয়নের ১৬ জন জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন।
পিলখানা ও দেশের বিভিন্ন স্থানে বিডিআর কার্যালয়ে এ বিদ্রোহের বিচারের জন্যে মোট ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। ঢাকায় পিলখানায় দুটি এবং সারাদেশে চারটি আদালতে এ বিচার হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২২৫৮ঘ.
bdnews24