২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের আরও ৩১ সদস্য গ্রেপ্তার

পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় আবারও নতুন করে বিডিআর সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় আবারও নতুন করে বিডিআর সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। বুধবারও বিডিআরের ৩১ সদস্যকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে বিডিআর হত্যাযজ্ঞ মামলায় ২৮ বেসামরিক নাগরিকসহ মোট দুই হাজার ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিডিআরের গ্রেপ্তার আরও ১৬ সদস্য তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছে। এ নিয়ে মোট ৫১জন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার করলো। বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন: সিপাহী জুলফিকার, সিপাহী আ. জলিল, সিপাহী মিজানুর রহমান, সিপাহী জিল্লুর রহমান, সিপাহী জাকির, সিপাহী গোলাম মোস্তফা, সিপাহী আলিম রেজা, সিপাহী মো. সাইফুল, সিপাহী সাজ্জাদ হোসেন, সিপাহী সাইফুর রহমান, হাবিলদার নজরুল ইসলাম, সিপাহী হাবিবুর রহমান, নায়েক আ.রাজ্জাক, সিপাহী আবুল হোসেন, সিপাহী মাজহারুল ইসলাম ও সিপাহী সেকেন্দারী আলী। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী জবানবন্দি প্রত্যাহারে আবেদনগুলো নথিতে রাখার আদেশ দেন। আবেদনে বিডিআর সদস্যরা উল্লেখ করেন তাদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। এদিকে বিডিআর হত্যাযজ্ঞ মামলার অন্যতম প্রধান আসামি ডিএডি আব্দুর রহিমের জামিনের আবেদন বুধবার নাকচ করে দেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২১২৪ ঘ.