ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদস্যরা ভবিষ্যতে কোনো বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটালে সেনা আইনে বিচারের বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হলেও আইনমন্ত্রী দেশের বাইরে থাকায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "ভবিষ্যতে বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞের মতো ঘটনার বিচার সেনা আইনে করা এবং গেজেট নোটিফিকেশন জারির বিষয়ে নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা ছিল বৈঠকে। কিন্তু আইনমন্ত্রী শফিক আহমেদ দেশের বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি। আইনমন্ত্রী দেশে ফেরার পর তার উপস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।"
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহবুবুল হক শাকিল জানান, বিডিআর আইন ১৯৭২ আরো যুগোপযোগী করতে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
গত ৩০ অক্টোবর আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ভবিষ্যতে পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা কোনো নিয়মিত বাহিনী ঘটালে তার বিচার হবে সেনা আইনে। এ বিষয়ে গেজেট নোটিফিকেশনের জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, "নভেম্বরের শুরুতেই সারাদেশে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে। প্রথম শুরু হবে খুলনায়। তবে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট, লাশগুমসহ অন্যান্য অপরাধের বিচার হবে দণ্ডবিধির আওতায়। ওই বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।"
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বৈঠকে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থাপন করেন।
গত ১৪ থেকে ১৬ অক্টোবর তানজানিয়ার দার এস সালামে স্বল্পোন্নত দেশের বাণিজ্যমন্ত্রীদের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় বলেও প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জানান।
এছাড়া জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সীমিত ওভারের ক্রিকেট সিরিজে বাংলাদেশ জয়ী হওয়ায় জাতীয় দলের খেলোয়ার, কোচ এবং বিসিবি'র কর্মকর্তাদের অভিনন্দন জানানোর জন্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিপেঅর ডটকম/এসইউএম/এইচএ/২২৪২ ঘ.
bdnews24