ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডিআর সদরদপ্তর পিলখানা ও দেশের কয়েকটি স্থানে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার শুধু 'বিদ্রোহ' অংশের বিচারের জন্য ১০জন আইনজীবীকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের উপ-সলিসিটর মীর শফিকুল আলম স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য জানা গেছে।
নিয়োগ পাওয়া অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
গত ২১ অক্টোবর এক বৈঠকের পর আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে দেশের ছয়টি বিভাগে আলাদা ছয়টি আদালত গঠন করে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে। তবে ওই ঘটনায় হত্যা, অগ্নিসংযোগসহ অন্য বড় অপরাধের বিচার হবে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত রিপোর্ট পাওয়ার পর।
পরে ৩০ অক্টোবর এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নভেম্বরের শুরুতেই সারা দেশে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি তখন আরও জানান, খুলনায় প্রথম বিচার শুরু হবে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, বিদ্রোহের অভিযোগে প্রায় সাড়ে ৩ হাজার বিডিআর সদস্যকে আগামী নভেম্বরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।
বিশেষ পিপি নিয়োগ দেওয়ার স্মারকপত্রে বলা হয়েছে, 'বিদ্রোহ' অংশের বিচার ১৯৭২ সালের 'বাংলাদেশ রাইফেলস অর্ডার' এর আওতায় বিশেষ আদালতের মাধ্যমে সম্পন্ন করার জন্য এসব বিশেষ পিপিদের নিয়োগ দেওয়া হলো।
নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন, মোশাররফ হোসেন কাজল, মনজুর মো. শাহনেওয়াজ টিপু, বেলায়েত হোসেন, মঞ্জুর আলম, মো. রেজাউল করিম, গাজী জিল্লুর রহমান, শাহীদুর রহমান, শেখ বাহারুল ইসলাম, হাবিবুর রহমান, দেওয়ান মহিউদ্দিন।
এসব বিশেষ পিপিদের আর্থিক সুবিধা জ্যেষ্ঠতা অনুসারে বাংলাদেশ রাইফেলসের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ থেকে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২১৪৪ ঘ.
bdnews24