২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মুখোমুখি হচ্ছে সাড়ে ৩ হাজার বিদ্রোহী জওয়ান

বিদ্রোহের অভিযোগে প্রায় সাড়ে ৩ হাজার বিডিআর সদস্যকে আগামী নভেম্বরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ছয়টি বিভাগে আলাদা আদালতে বিদ্রোহের এ বিচার হবে বিডিআর আইনে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 09:34 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে প্রায় সাড়ে ৩ হাজার বিডিআর সদস্যকে আগামী নভেম্বরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ছয়টি বিভাগে আলাদা আদালতে বিদ্রোহের এ বিচার হবে বিডিআর আইনে। বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ বৈঠকে বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে আলোচনা হয়। সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, বিডিআর বিদ্রোহের বিচার নভেম্বর মাসের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে। বিদ্রোহের অভিযোগে প্রায় সাড়ে ৩ হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। পিলখানার ঘটনায় বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং হত্যা ও লুণ্ঠনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে সরকার এ সিদ্ধান্ত নেয়। হত্যা ও লুণ্ঠন মামলার বিচার পরে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের জন্য বিশেষ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে পরে। এ সব অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র পাওয়ার পরই ওই বিচারের প্রক্রিয়া শুরু হবে। হত্যা-লুণ্ঠন মামলায় প্রায় এক হাজার জওয়ানকে আসামি করা হতে পারে বলে সাহারা খাতুন জানান। গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। সাহারার সভাপতিত্বে ওই সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি শুরু হওয়ার পর ওই মামলার প্যানেল আইনজীবী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা নিয়েও আলোচনা হয় বলে সাহারা খাতুন জানান। বিডিআর বিদ্রোহের বিচারের বিষয়ে আইনমন্ত্রী শফিক এর আগে জানিয়েছিলেন, বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে দেশের ছয়টি বিভাগে আলাদা ছয়টি আদালত গঠন করে বিদ্রোহের বিচার হবে। বিচার শুরুর ১৩৫ দিনের মধ্যেই তা শেষ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। গত ২১ অক্টোবর আইনমন্ত্রী আরও বলেছিলেন, বিদ্রোহের অভিযোগে অভিযুক্তরা আইনজীবী নিযুক্ত করতে পারবেন। তবে ওই আইনজীবী সাধারণ আদালতের মতো যুক্তিতর্কে অংশ নিতে পারবেন না। শুধু অভিযুক্তকে পরামর্শ দিতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১৫ ঘ.