ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারীবাগ থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ উল্যাহ সোহেলকে পিলখানা হত্যা মামলায় ফের ১ দিনের সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের ৭ দিন রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম (বিচারক) রাশেদ কবির এ আদেশ দেন।
গত ২১ অক্টোবর প্রথম দফায় সোহেলকে তিন দিন হেফাজতে নেওয়া হয়েছিল।
নতুন রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সময় সোহেল বিডিআর জওয়ানদের সমর্থনে মিছিলে নেতৃত্বে দেন। তার আর কি কি সম্পৃক্ততা ছিল তা জানা এবং সহযোগীদের নাম ঠিকানা অনুসন্ধানের জন্য আরও জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এ মামলায় এ পর্যন্ত ২০৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিডিআর নন-এমন ২৭ জন । রিমান্ডে নেওয়া ১৯৯৮ জনের মধ্যে ৪৫৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২১২১ঘ.
bdnews24