ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পিলখানায় গত ফেব্র"য়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচারে সহায়তা করতে ১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে মনোনীত করা হয়েছে।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মঙ্গলবার বিডিআর মহাপরিচালক বরাবর এই মনোনয়ন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
মনোনয়নপ্রাপ্ত ১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন-নাহিদ মাহতাব, ফরহাদ আহমেদ, গৌতম কুমার রায়, শশাংক শেখর সরকার, বিশ্বজিৎ রায়, মোহম্মদ উল্লাহ কিসলু, মো. খসরুজ্জামান, মো. সোহরাওয়ার্দি, মো. সেলিম, কাজী মো. ইজারুল হক আকন্দ।
১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেবল বিডিআর বিদ্রোহের ঘটনায় বিভিন্ন বিশেষ আদালতকে সহায়তা করবেন।
গত ১৬ সেপ্টেম্বর বিডিআর সদরদপ্তরের প্রশাসনিক পরিদপ্তর থেকে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়ে এ মামলায় সহায়তার জন্য আইন কর্মকর্তা মনোনয়নের কথা বলা হয়।
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদরদপ্তরে ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৭২২ ঘ.
bdnews24