ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সব পর্যায়ের সদস্যরা বর্তমানে স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
বিডিআর মহাপরিচালক বলেন, "গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে নৃশংসভাবে সেনা কর্মকর্তাদের হত্যার কারণে এ বাহিনীর কমান্ড পুরোপুরি ভেঙ্গে পড়ে। কিন্তু সবার চেষ্টায় দ্রুততম সময়ে তা আবার ফিরে এসেছে।"
বর্তমানে সব পর্যায়ের বিডিআর সদস্যরা বিধি অনুযায়ী তাদের ছুটি ভোগ এবং স্বজনদের সঙ্গে অবস্থান করছেন বলেও দাবি করেন বিডিআর প্রধান।
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার মইনুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
বিডিআর মহাপরিচালক আরও বলেন, বিদ্রোহের পর দায়ের করা মামলার বিচারের ক্ষেত্রে বিডিআরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিডিআর মহাপরিচালক পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিনিধিদলের সদস্যরা বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে বলেছেন।
মইনুল ইসলাম বলেন, "এ ব্যাপারে তাদের আমি বলেছি, আন্তর্জাতিক মানটি আসলে কী সেটা জানা দরকার। এ ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু এবং ভারতের রাজীব গান্ধী হত্যা মামলার বিষয়টি উত্থাপন করি।"
বিডিআর প্রধান আরও জানান, প্রতিনিধিদলের সদস্যরা গত ২৫-২৬ ফেব্র"য়ারির ঘটনা সম্পর্কে জানতে চাইলে দু'ঘন্টার আলোচনায় তাদের বিস্তারিত জানানো হয়।
মূলত মানবাধিকার বিষয়ক বিভিন্ন ইস্যুতে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ডেনমার্কের মানবাধিকার বিষয়ক দূত আর্নল্ড ডি ফাইন স্কিব্সটেড, ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত এই্নার এইচ জেনসেন, জার্মান মানবাধিকার পলিসি ও মানবিক সহায়তা বিষয়ক কমিশনারের ব্যক্তিগত সহকারি পিটার কেটনার এবং ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আনজা রয়েলফ্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২২১৩ ঘ.
bdnews24