২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় তোরাব আলীর জবানবন্দি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর ৫৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি তোরাব আলী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ১৫ দিন আইনি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেল তিনটায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর ৫৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি তোরাব আলী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ১৫ দিন আইনি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেল তিনটায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে তোরাব আলীর জবানবন্দি গ্রহণ করেন মহানগর হাকিম ফারহানা ফেরদৌস। বিকেল তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তার নিজের খাস কামড়ায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবানবন্দিতে তোরাব আলী পিলখানা হত্যাকাণ্ডের সবিস্তার বর্ণনা করলেও তার নিজের সম্পৃক্ততা সম্পর্কে কী বলেছেন তা জানা যায়নি। এ পর্যন্ত এ মামলায় মোট ৪৪৮ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয় ২০১৪ জনকে। আর ১৯৯৮ জনকে নেওয়া হয়েছে আইনি হেফাজতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২০৩৮ ঘ.