ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় দুই বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার দুটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
বিডিআর বিদ্রোহের পর গত সাত মাসে ৪৮ জওয়ানের মৃত্যু হলেও শুক্রবারই প্রথম দু' জওয়ানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলো।
রাজধানীর নিউমার্কেট থানায় রাতে পুলিশের উপ-পরিদর্শক মতলবুর রহমান বাদী হয়ে এ দু'টি মামলা দায়ের করেন।
মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতদের আসামি দেখানো হয়েছে।
গত ২২ মার্চ ল্যান্স নায়েক মোবারক হোসেন ও ৬ মে হাবিলদার মহিউদ্দিনের মৃত্যু হয়।
পিলখানায় বিডিআর সদরদপ্তর থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডিআর কর্তৃপক্ষ দাবি, হূদরোগ, আত্মহত্যা ও নানা অসুস্থতাজনিত কারণেই জওয়ানদের মৃত্যু হয়।
তবে মোবারক ও মহিউদ্দিনের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হত্যা বলে উল্লেখ করা হয়।
শুক্রবার রাতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এ দুটি হত্যা মামলা হয়েছে।
তিনি বলেন, "পিলখানা থেকে আসা দুই বিডিআর সদস্যের মৃত্যুর কারণ হত্যা বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
"এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাতনামা আসামিদের দায়ী করা হয়েছে। আর ঘটনাস্থল পিলখানা সদরদপ্তর।"
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) আতিকুল ইসলাম রাত ১১ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি অনেক আগেই ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছি।"
দুটি মামলার মধ্যে শুক্রবার রাত সাড়ে সাতটায় দায়ের করা প্রথম মামলার ভিকটিম ল্যান্স নায়েক মোবারক ও সাড়ে আটটায় দায়ের করা দ্বিতীয় মামলার ভিকটিম ২৮ রাইফেলসের হাবিলদার মহিউদ্দিন।
নিহত নায়েক মোবারক হোসেন কক্সবাজারের কর্মরত ছিলেন। বিডিআর সপ্তাহ উপলক্ষে ১৮ ফেব্র"য়ারি তিনি পিলখানায় আসেন। মহিউদ্দিন চট্টগ্রামের হালিশহর ২৮ রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বিদ্রোহের দিন তিনি পিলখানায় ছিলেন না। ২২ মার্চ তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।
গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এএনএস/এসএইচ/০০৩২ঘ.
bdnews24