চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহ মামলার অভিযোগ গঠনের জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে এই মামলায় গ্রেপ্তার বিডিআর সদস্যদের চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে আইনজীবীরা তাদের জামিনের আবেদন জানান।
বিচারক অরূপ কুমার গোম্বামী আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করেন এবং বিডিআর সদস্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় গত ১৭ মে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বাদী হয়ে ৩০ বিডিআর সদস্যের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন।
পরদিন ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ৩০ বিডিআর সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫০ ঘ.
bdnews24