২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে গাড়িতে তুলে টাকা পয়সা হাতিয়ে নিত তারা

গ্রেপ্তার হওয়া চক্রটি অনেকদিন ধরে অপহরণের পাশাপাশি ডাকাতিসহ নানা ধরনের অপরাধের করে আসছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 04:42 PM

Updated : 12 Jul 2023, 09:33 AM

ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে মারধর করে টাকাপয়সা হাতিয়ে নেওয়া একটি চক্রের ১৬ জনকে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণের পাশাপাশি ডাকাতিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

গ্রেপ্তাররা হলেন- শহিদুল ইসলাম মাঝি (৫৩), শ্রী সাগর চন্দ্র মালি (৩০), শাহ আলম হাওলাদার (৩৫), মো. কামরুল ইসলাম (৩২), রমিজ তালুকদার (৩০), মো. মাকসুদুল মোমিন ওরফে শামীম (৪৩), মো. হাসান (৩৮), মো. নূরুল ইসলাম (৩০), মো. মশিদুর রহমান ওরফে মাগার (৪৬), মো. আকরাম হোসেন (৩৮), মো. দ্বীন ইসলাম কাউছার আহম্মেদ (৩৫),  মো. ইলিয়াছ আহম্মেদ ওরফে নিরব (৩২),  মো. ফরহাদ আলী (৬৬), মো. রিয়াজ, হোসেন হাওলাদার রিয়াজুল (৩১), মো. শফিকুল ইসলাম লিটন (৫০) মো. সেরাজুল ইসলাম (৪৪) ও  মো. জহিরুল ইসলাম পিন্টু (৩৮)।

সোমবার রাতে গাজীপুর ও ঢাকার ডেমরার ভগাইর ফার্মের মোড় থেকে তাদের ৭ জনকে এবং ডাকাতি প্রস্তুতি নেওয়ার সময় খিলক্ষেতের ৩০০ ফুট রোডের অস্ট্রেলিয়ান স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে বাকি ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ৩০টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ মঙ্গলবার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে বলেন, আব্দুল আজিজ (৩১) নামে এক ব্যবসায়ী গত ১৭ জুন তার ভগ্নিপতির বন্ধুর কাছ থেকে ১৩ লাখ টাকা নিয়ে পল্টনের বায়তুল ভিউ মার্কেট থেকে ভাড়ায় চালিত মটরসাইকেলে করে খিলক্ষেতের বাসার উদ্দেশ্যে রওনা হন।

রাত ৮টার দিকে ক্যান্টনমেন্ট থানার এমপি চেকপোস্টের সামনে আজিজের মোটরসাইকেল পৌঁছালে হঠাৎ করে একটি মাইক্রোবাস তাদের পথ আটকায়। এরপর ডিবির জ্যাকেট পরা তিন থেকে চার জন মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে আজিজকে জোর করে গাড়িতে উঠিয়ে হাত, পা ও চোখ বেঁধে এলোপাতাড়ি পেটায়।

এর কয়েকদিন পর আজিজ ক্যান্টনমেন্ট থানায় মামলা করলে ডিবি পুলিশ তদন্তে নেমে এই চক্রটির সন্ধান পায় বলে জানান হারুন অর রশীদ।

তিনি বলেন, “গাড়ির মধ্যেই ভয়ভীতি দেখিয়ে আজিজের সঙ্গে থাকা ১৩ লাখ এবং মানিব্যাগের আরও ১৯ হাজার টাকা এবং ৩টি মোবাইল ছিনিয়ে নিয়েছিল তারা। আজিজের বিকাশের পিন কোড জেনে সেখান থেকেও ৩৭ হাজার টাকা তোলার ব্যবস্থা করে।

“এরপর রাত ১০টার সময় রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার চরপাড়া রাস্তার পাশে আজিজকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে তারা চলে যায়।”

গ্রেপ্তার শহিদুল ইসলাম মাঝি ওই চক্রের 'হোতা' জানিয়ে হারুন অর রশীদ বলেন, মাঝির বিরুদ্ধে সাতটির বেশি ডাকাতির মামলা রয়েছে।

“সে আগেও গ্রেপ্তার হয়েছে। জিজ্ঞাসাবাদে মাঝি জানিয়েছে, সে আগে পুলিশের সোর্সের কাজ করত।”

ডিবি কর্মকর্তা হারুন বলেন, “চক্রের সদস্যরা মাইক্রোবাস নিয়ে ঢাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জ ও ব্যাংক এলাকা, বিশেষ করে মতিঝিল, ধানমণ্ডি ও গুলশান থেকে কোন ব্যক্তি কত টাকা নিয়ে বের হচ্ছেন সেসব লক্ষ্য করে তাদের টার্গেট করত।

“কোনো ব্যক্তিকে টার্গেট করার পর দুই থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নিত। আর মাইক্রোবাস নিয়ে প্রস্তুত থাকত দ্বিতীয় দলটি। মোটর সাইকেল টিমের কাছ থেকে টার্গেটের পথের ঠিকানা জেনে নিয়ে সেখানে হাজির হত মাইক্রোবাস টিম। এরপর সুবিধাজনক জায়গা বেছে নিয়ে টার্গেট করা ব্যক্তির পথরোধ করে মাইক্রোবাসে উঠিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখত।“