হরতাল-অবরোধের পর ঢাকা থেকে চলছে দূরপাল্লার বাস
কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাফায়েত সকাল ১০টার দিকে বলেন, কোনো গাড়ি খালি যাচ্ছে না।
চারদিনের হরতাল-অবরোধ পার করার পর রাজধানীর গাবতলী-কল্যাণপুর এলাকা থেকে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।
অন্যান্য ছুটির দিনের মতই শুক্রবার সকাল থেকেই এ এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নির্ধারিত সময় ধরে ছেড়ে যায় উত্তরবঙ্গগামী বাসগুলো।
কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাফায়েত সকাল ১০টার দিকে বলেন, “সকালে যাত্রীদের চাপ কিছুটা বেশি ছিল। এখন আবার একটু কমেছে। তবে কোনো গাড়ি খালি যাচ্ছে না। দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক রূপে ফিরে এসেছে।”
নাবিল পরিবহনের একজন কর্মী বলেন, সাধারণত রাতের বেলায় উত্তরবঙ্গের যাত্রীদের চাপ বেশি থাকে। সেকারণে এখন যাত্রী কম। অনেকে আগামী সোমবারের টিকেট নিয়েছেন।
“নতুন করে অবরোধ না দিলে সোমবার থেকে গাড়ি চলবে। অবরোধ দিলে আমরা টিকেট ফেরত নেব বলে যাত্রীদের জানিয়ে রেখেছি,” বলেন তিনি।
কাউসার শরীফ নামের রাজশাহীর একজন যাত্রী জানালেন, আরও তিনদিন পর বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তিনি আগেই চলে যাচ্ছেন। কাউন্টারে এসে সহজেই টিকেট পেয়ে গেছেন।
