২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্তানকে’ বেচতে এসে গাবতলীতে আবেগাপ্লুত রমিসা

গরুটিকে ট্রাকে তোলা যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে রমিসাকেও আসতে হয়। গাবতলীর হাটে দেখা যায়, প্রাণীটি এই নারীর কাঁধে মাথা রাখে প্রায়ই।

‘সন্তানকে’ বেচতে এসে গাবতলীতে আবেগাপ্লুত রমিসা
গাবতলীর হাটের বিক্রেতা রমিসা বেগম ও তার গরুর মধ্যে হৃদ্যতার সম্পর্ক বিস্মিত করেছে ক্রেতাদের।

আবুল বাসার সাজ্জাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 11:29 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

রাজধানীর গাবতলীর হাটে এক নারী বিক্রেতাকে দেখা গেছে যিনি যে গরুটিকে নিয়ে এসেছেন তাকে নিজের একটি ‘সন্তান’ বলে তুলে ধরেছেন। 

শনিবার কয়েক ঘণ্টা ধরে তার সঙ্গে সেই ‘সন্তানের’ যে আবেগের সম্পর্ক দেখা গেল, তা ছুঁয়ে গেছে হাটে আসা ক্রেতাদেরও। 

খুলনার ডুমুরিয়ায় রমিসা বেগমের বাড়িতেই জন্ম গরুটির, চার বছর একমাস ধরে পেলে পুষে দুজন দুজনার হয়ে গেছেন। 

গরুটি বাঁধা থাকা অবস্থায় কখনো রমিসার কাঁধে মাথা রাখছিল, কখনো তার ওড়না মুখে ধরে রাখছিল। এটা স্পষ্ট প্রাণীটি তাকে বেশ মায়া করে। রমিসাও চোখে পানি নিয়ে বিক্রেতার অপেক্ষায় ছিলেন। 

গরুটির নাম রাখা হয়েছে নুণ্টু, তার মায়ের নাম ঘণ্টু। রমিসার দাবি, নুণ্টু তার কথা বোঝে, এমনকি হাসতে বললে হাসেও। বিশ্বাস হচ্ছিল না মানুষের। কিন্তু রমিসা সেই বলেছেন, ‘নুণ্টু হাস তো’- গরুটি দাঁত বের করে দিল, সেটি হাসি বলেই ধরে নিল সবাই। 

ফ্রিজিয়ান জাতের কালো রঙের সংকর গরুটি আকারে বিশালই না কেবল, বেশ হৃষ্টপুষ্টও। এর লাইভ ওয়েইট ৩৭ থেকে ৩৮ মণ। 

চার বছর ধরে পেলে পুষে বড় করা গরুটিকে রমিসা তার তৃতীয় সন্তান হিসেবেই দেখেন বলে জানিয়েছেন সাংবাদিকদেরকে।

চার বছর ধরে পেলে পুষে বড় করা গরুটিকে রমিসা তার তৃতীয় সন্তান হিসেবেই দেখেন বলে জানিয়েছেন সাংবাদিকদেরকে।

দেখা গেল রমিসা একবার তার গরুকে চুমু খাচ্ছেন, আবার মাথায় হাত বুলাচ্ছেন। আবার ব্রাশ দিয়ে মাথার লোম আচড়ে দিচ্ছেন। 

নুন্টুও যেন রমিসার সঙ্গে ভাববিনিময় করছে। একবার কোলে গরু মাথা রাখছে, আবার মুখ চাটছে। 

অনেক ক্রেতাই নুন্টুকে দেখতে এসে মাথায় হাত বুলায়, গায়ে হাত দেয়। তখন কিছুটা রাগ দেখায় নুন্টু। অপরিচিত জনদের আদর সে খুব একটা নিতে চায় না। কিন্তু রমিসা আদর করলে যেন দাঁত বের করে হাসে। 

নুন্টু যখন রমিসার কোলে মাথা ঠেকালো তখন রমিসার চোখ দিয়ে পানি ঝরছিল। 

টাকার প্রয়োজনে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কাঁদো কাঁদো গলায় বললেন তিনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রমিসা বলেন, “আমি তাকে আমার সন্তানের মতোই পেলেছি। সন্তানের জন্য যেমন মায়া, এই নুন্টুর জন্যও ঠিক তেমন মায়া আমার। 

“অতি আদরের এই গরু আমাকে দেখলে খুশিতে হাসে। জীবনে কখনও মারি নাই তাকে। একটু জোরে কথা বললেই সে বোঝে আমি রাগ করছি।” 

নুন্টুকে গমের ভুসি, ভুট্টার গুঁড়ো, খড়, ঘাস খাওয়ানো হত। বেশিরভাগ সময় খাবার দিয়েছেন রমিসাই। 

রমিসা ও নুণ্টুর মধ্যে এই সম্পর্ক অবাক করেছে গরু দেখতে আসা অন্য ক্রেতাদের। একজন বলছিলেন, “এমন তো এর আগে কখনো দেখিনি। সত্যিই বিষয়টা অবাক করার মত।” 

যে কারণে রমিসাকে আসতে হল গাবতলীতে 

বুধবার রাতে ডুমুরিয়া থেকে গরুটি বিক্রির জন্য রমিসার স্বামী মোজাহার আলী শেখ, ছেলে আল শাহরিয়ার জয় ও শ্বশুর মতিন শেখ ঢাকায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন। 

কিন্তু তারা নুণ্টুকে ট্রাকে তুলতে ব্যর্থ হন। পরে রমিসাও প্রস্তুত হয়ে ট্রাকে ওঠেন। তাকে দেখা মাত্র গরুটি সহজেই ট্রাকে উঠে এল। 

৩৭ থেকে ৩৮ মণ ওজনের নুণ্টু তার মালিক রমিসার সঙ্গে সময় কাটাতে পছন্দ করলেও অন্য মানুষ কাছে এলে খুব একটা পছন্দ করে না। 

৩৭ থেকে ৩৮ মণ ওজনের নুণ্টু তার মালিক রমিসার সঙ্গে সময় কাটাতে পছন্দ করলেও অন্য মানুষ কাছে এলে খুব একটা পছন্দ করে না।

মোজাহার বলেন, “আমার স্ত্রী না আসলে নুন্টুকে গাড়িতেই উঠানো সম্ভব ছিল না, ঢাকায় আসা তো দূরের কথা। 

“নিজের সন্তানের মতই এটাকে আদর করে আমার স্ত্রী। করোনার সময় জন্ম হয় এটার। আমার ছোট মেয়ে শখ করে এর মায়ের নাম রেখেছিলেন ঘন্টু। আর বাচ্চাটার নাম মায়ের নামের সঙ্গেই মিলিয়ে রেখেছিল নুন্টু।” 

রমিসার স্বামী মোজাহার আলী শেখ গরুটির দাম চাইছেন ১২ লাখ টাকা। শনিবার সন্ধ্যা পর্যন্ত দাম উঠে আট লাখ টাকা। 

প্রত্যাশানুযায়ী দাম মিলছে না জানিয়ে মোজাহার বলেন, “বাড়িতেই আট লাখ টাকা দাম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হাটে এনে সেই একই দাম শুনছি। এই হাটে খুলনা থেকে নুন্টুকে আনা ও আনুষঙ্গিক সব মিলিয়ে আমার অনেক খরচ হয়েছে। অন্তত সেই খরচ তো উঠতে হবে।”