১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্যোগের শাহ কামাল, বিএসএমএমইউর শারফুদ্দিনের অবৈধ সম্পদের খোঁজে দুদক

দুর্যোগের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে সম্প্রতি ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 08:58 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন সাবেক সিনিয়র সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ভিসি ও তার পিএস এবং জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক।

কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন জানান, ওই তিনজনের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে ‘চাকরিজীবনে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, ঘুষ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা ও অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর কমিশনের নির্দেশে প্রকাশ্য অনুসন্ধান শুরু হয়েছে।

বাকিরা হলেন– বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও তার পিএস ডা. রাসেল এবং জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) আরজিনা খাতুন।

শাহ কামাল, ফাইল ছবি

শাহ কামাল, ফাইল ছবি

শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়নকাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। 

গত শুক্রবার তার মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধারের কথা জানায় পুলিশ। পরে শনিবার রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়। 

বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও তার পিএস ডা. রাসেল ও অন্যান্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে ১০০ কোটি টাকা ঘুষ আদায়, যোগ্যতার ঘাটতি নিয়ে ভূতাপেক্ষ পদোন্নতি এবং উচ্চতর শিক্ষা গ্রহণে অনিয়মের আশ্রয় নেওয়া, নিয়ম বহির্ভূতভাবে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়া, অনৈতিক অর্থ উত্তোলন, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। 

কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। 

২০২১ সালের ২৯ মার্চ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ নিয়েছিলেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। ২০২৪ সালের ২৭ মার্চ তিনি দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্ব নেওয়ার পর তিনি দুই হাজারের বেশি নিয়োগ দিয়েছেন বলে দুদকের হাতে অভিযোগ এসেছে।

আরজিনা খাতুন

আরজিনা খাতুন

চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক ডিসি আরজিনা খাতুনের বিরুদ্ধে ‘জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযোগে বলা হয়েছে, আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সুসর্ম্পক রেখে আরজিনার বিভিন্ন উপায়ে ‘অবৈধ সম্পদ’ অর্জন করেছেন।