বাকুতে মে-ইউনূস বৈঠকে শ্রম সংস্কারের প্রসঙ্গ
“শ্রম ইস্যু আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি । আমরা শ্রম বিষয়ে সকল সমস্যার সমাধান করতে চাই ,'' বলেন ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের উৎপাদন খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ খাতে শ্রম সংস্কারের উদ্যোগ নেবে তার সরকার।
আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার সময় সংস্কার উদ্যোগের প্রসঙ্গ আসে। ইউনূস তখন বলেন, “শ্রম ইস্যু আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি । আমরা শ্রম বিষয়ে সকল সমস্যার সমাধান করতে চাই ।''
বৈঠকে মে এ বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে মানব পাচার ও অভিবাসন নিয়েও আলোচনা করেন।
ইউনূস বাংলাদেশ থেকে ইউরোপে বৈধ উপায়ে অভিবাসন বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ''এটি ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন হ্রাস করবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে কাজ করবে।''
জুলাই-অগাস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি এবং ম্যুরালের ছবি নিয়ে প্রকাশিত ‘আর্ট অফ ট্রায়াম্ফ’' বইটি টেরিজা মেকে উপহার দেন ইউনূস।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
