পুলিশের ‘ঢালাও সমালোচনা’ না করার অনুরোধ সালমান এফ রহমানের
“আমি মিডিয়াকে অনুরোধ করব, ঢালাওভাবে আমরা যেন এই ফোর্সটাকে ডিমরালাইজড না করি।”
ঢালাওভাবে পুলিশের সমালোচনা না করতে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
সোমবার রাতে পুলিশের ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ অনুরোধ করেন তিনি।
সালমান বলেন, “ইদানিং দেখছি মিডিয়ায় পুলিশ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমি মিডিয়াকে অনুরোধ করব, ঢালাওভাবে আমরা যেন এই ফোর্সটাকে ডিমরালাইজড না করি, যেন ঢালাওভাবে সমালোচনা না করি।”
ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য সালমান এফ রহমানের মত একই অনুষ্ঠানে ‘পুলিশে দুর্নীতির খবর’ নিয়ে জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানকে ছোট করা ঠিক না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ঘোষণা করা হলেও তিনি আসেননি।
রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে এ আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশের অতিরিক্ত আইজি কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার প্রধান (অতিরিক্ত আইজি) মনিরুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য দেন।
টাঙ্গাইলের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, তানভীর হাসান ছোট মনির, অনুপম শাহজাহান, ফরিদপুরের সংসদ সদস্য একে আজাদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অনুষ্ঠানে দেখা যায়। ঢাকা রেঞ্জের সব থানার ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ১৯১৪ সালের ২৪ জুন আনুষ্ঠানিকভাবে ঢাকা রেঞ্জের যাত্রা শুরু হয়, তবে এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
সালমান এফ রহমান পুলিশের ঢাকা রেঞ্জের সঙ্গে নিজের জীবনের সংশ্লিষ্টতার গল্প শোনান। পাশাপাশি পুলিশ নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনা নিয়েও কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “আমাদের মিডিয়ার দরকার আছে, মিডিয়া যদি নিউজ না দিত তাহলে আমরা কিন্তু অ্যাকশন নিতে পারতাম না। কিন্তু মিডিয়াকেও একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। অনেক সময় আমরা দেখি ‘মিডিয়া ট্রায়াল’ হয়। আমরা যেন বিচারের আগেই কাউকে দোষী বানিয়ে কাঠগড়ায় না তুলি, সে বিষয়টাও আমাদের ওয়াচ আউট করা উচিত।”
দেশের বিভিন্ন এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিঘার পর বিঘা সম্পত্তি, রিসোর্ট, ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি ও ফ্ল্যাট, বেশি কিছু কোম্পানিতে তার ও পরিবারের সদস্যদের মালিকানার বিষয়টি নিয়ে মাসদুয়েক ধরে আলোচনা-সমালোচন চলছে।
আদালতের আদেশে বেনজীরের খোঁজ পাওয়া সব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। তবে এই আদেশ আসার আগেই ব্যাংক থেকে টাকা তুলে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন। দুর্নীতি দমন কমিশনের তলবে এখনও তাদের কেউ হাজির হননি।
ঢাকা মহানগর পুলিশের সাবেক প্রধান আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। আছাদুজ্জামানও দেশের বাইরে চলে গেছেন, যদিও দাবি করেছেন, তিনি ফিরবেন এবং সব প্রশ্নের জবাব দেবেন।
পুলিশের পদে থাকা একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিষয়েও প্রতিবেদন প্রকাশ হয়েছে, যাদের সম্পদের পরিমাণ তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব নিয়ে চলছে নানা আলোচনা, যার রেশ দেখা যায় ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও।
রাজারবাগের অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, “এখন আমরা দেখছি এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে (পুলিশ বাহিনী) কেন্দ্র করে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা হতেই পারে। কিন্তু একজন ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যেন প্রতিষ্ঠানকে ছোট করতে না পারে, ধ্বংস করতে না পারে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। এটা ঠিক না।
“অনেক প্রতিকূলতা সত্ত্বেও যারা মানুষকে সেবা করে যাচ্ছেন সেই পুলিশকে নিয়ে যেন অতিরঞ্জন না করি, সমালোচনা না করে যেন তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিই।”
দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের ভালো কাজগুলো তুলে ধরারও অনুরোধ রাখেন নজরুল ইসলাম বাবু।
