Published : 12 Sep 2024, 02:01 PM
বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি প্রবেশ ফি ৩০ টাকা, ৬ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশ ফি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৫ বছর বা তার কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ১০০ জনের দলগত ফি পড়বে ১ হাজার টাকা; ১০১ থেকে ২০০ জনের ১ হাজার ৫০০ টাকা। আর বিদেশিদের জন্য জনপ্রতি প্রবেশ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্যানে শরীর চর্চা করতে আসা ব্যক্তিদের বাৎসরিক কার্ড ফি ৫০০ টাকা। অর্থাৎ, ৫০০ টাকার কার্ড করে নিলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তারা বোটানিক্যাল গার্ডেনে শরীর চর্চা করতে পারবেন। কার্ড হারিয়ে গেলে বা নবায়নের জন্য ২০০ টাকা দিয়ে নতুন কার্ড নিতে হবে।
এর আগে গত ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বাড়িয়ে ১০০ টাকা করা হলে বিষয়টি নিয়ে সমালোচনা হয়।
পুরনো খবর