১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগের কমিটি গঠন: জীবনবৃত্তান্ত আহ্বানের সময় টাকা নিতে নিষেধাজ্ঞা

কেন এমন নির্দেশ জারি করা হল, কারা টাকা নিত- সেই বিষয়টি স্পষ্ট করা হয়নি নির্দেশনায়।

ছাত্রলীগের কমিটি গঠন: জীবনবৃত্তান্ত আহ্বানের সময় টাকা নিতে নিষেধাজ্ঞা

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 08:29 PM

Updated : 24 Apr 2024, 08:48 PM

ছাত্রলীগের কোনো ইউনিটের কমিটি গঠনের ক্ষেত্রে জীবনবৃত্তান্ত আহ্বানের সময় টাকা পয়সার লেনদেন করতে নিষেধ করা হলেও এর কারণ ব্যাখ্যা করা হয়নি।

সংগঠনটির কোনো ইউনিটে এই নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা সমমর্যাদা, উপজেলা, কলেজ, পৌরসভা, ওয়ার্ডসহ সব ইউনিটের জন্যই এই বিধান প্রযোজ্য।

এতে জীবনবৃত্তান্ত আহ্বানের সময়  কোনো আর্থিক মূল্যমান, মনোনয়ন ফি কিংবা চাঁদা আদায় বা নির্ধারণ করতেও নিষেধ করা হয়েছে।

কেন এমন নির্দেশ জারি করা হল, কারা টাকা নিত- সেই বিষয়টি স্পষ্ট করা হয়নি নির্দেশনায়। এ বিষয়ে প্রশ্ন করেও কোনো জবাব মেলেনি।

যোগাযোগ করা হলে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় কেউ কেউ এ ধরনের চিন্তা- করে থাকে যে, চাঁদা নিয়ে সংগঠনের বিভিন্ন কাজে ব্যয় করা হবে। এ ধরনের বিষয়টিকে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে নিরুৎসাহিত করেছি।”

কোনো ইউনিট টাকা নিয়েছে এমন কোনো তথ্য আছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, “এমন কোনো তথ্য নেই। সার্বিকভাবে সবার জন্যই এই নির্দেশনা।”