গৃহবধূকে ধর্ষণের পর খুনের দায়ে যুবকের ফাঁসির রায়
মৃত্যুদণ্ডে দণ্ডিত যুবককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আরিফুল হক শিপলু নামে ওই যুবক নিহত গৃহবধূর স্বামীর সূত্রে আত্মীয় হন।
পাঁচ বছর আগের এই মামলায় ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম বৃহস্পতিবার রায় দেন।
তিনি মৃত্যুদণ্ডের পাশাপাশি শিপলুকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন বলে ট্রাইবুনালের পেশকার ইশতিয়ার আহমেদ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আসামি শিপলু ওই গৃহবধূর স্বামীর বোনের ননদের ছেলে। রায় ঘোষণার আগে শিপলুকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।
ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিতের পক্ষে একজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই মামলা পরিচালনা করেন।
মামলার নথিপত্রে দেখা যায়, ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী নামাপাড়া এলাকায় ওই গৃহবধূর বাসা। তার ছয় বছরের একটি ছেলে এবং চার বছরের একটি মেয়ে রয়েছে। শিপলু ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ওই বাসায় গিয়ে গৃহবধূকে ছুরি দিয়ে হত্যা করেন।
তখন ওই গৃহবধূর বাবা ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ময়নাতদন্তে ধরা পড়ে, খুনের আগে ধর্ষণের শিকার হয়েছিলেন ওই নারী।
মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন ক্যান্টনমেন্ট থানার এসআই রিয়াদ আহমেদ। ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য শুনে বিচারক রায় দিলেন।
