২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ডেমরায় বাসের ধাক্কায় বাইকআরোহী বাবার মৃত্যু, ছেলে আহত

ডেমরা মীরপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় আছিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরায় বাসের ধাক্কায় বাইকআরোহী বাবার মৃত্যু, ছেলে আহত
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

ঢাকার ডেমরায় বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ওবায়দুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ওই সময়ে বাইকে থাকা তার ১৭ বছর বয়সী ছেলে লাবিব আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ডেমরা মীরপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় আছিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে ডেমরা থানার এসআই রিয়াদ হোসেন জানিয়েছেন।

৪২ বছর বয়সী ওবায়দুল ইসলাম পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি এলাকায় থাকেন।

এসআই রিয়াদ হোসেন বলেন, “বাইক আরোহী বাবা-ছেলে মাতুয়াইলের বাসায় ফিরছিলেন, পথে দুর্ঘটনার শিকার হন।"

ঘাতক বাসটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে জানিয়ে পুলিশের এই এসআই বলেছেন, তারা বাস ও চালকের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন। 

ওবায়দুল ও রিয়াদকে হাসপাতালে নেওয়া পথচারী জীবন বলেন, “সকালে অফিসের যাওয়ার সময়ে মীরপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখি আছিম পরিবহনের একটি বাসের সামনে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় দুইজন পড়ে আছে। পরে আমি তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।

“সেখানে তাদেরকে না রাখায় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন নিহত ওবায়দুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গের রাখা হয়েছে। আর ছেলে লাবিবের চিকিৎসা চলছে।