যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
একটি নির্মাণাধীন ভবনে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন এক ভবনে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. সোহেল মোল্লা (৩০) পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। দুই মেয়ে ও স্ত্রী সেখানেই থাকেন।
রোববার সকালে সোহেলকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
সোহেলের সহকর্মী মো. নাসিরের বরাতে বাচ্চু বলেন, যাত্রাবাড়ীতে শহীদ ফারুক সড়কে চার তলা একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সোহেল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
ওই ভবনেই অন্য শ্রমিকদের সঙ্গে থাকতেন সোহেল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
