২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে অগ্রগতির তথ্য সংসদীয় কমিটিকে জানাল মন্ত্রণালয়

বুধবার বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা ও সমাধানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 10:08 PM

Updated : 09 Aug 2023, 10:08 PM

পর্যায়ক্রমে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। 

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ তথ্য জানানো হয়। 

কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে এ বৈঠক হয়। 

কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু বৈঠকে অংশ নেন। 

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। ১ অগাস্ট শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেন। 

পুরনো খবর:

অনশন স্থগিত করে ক্লাসে ফিরছেন শিক্ষকরা
শিক্ষকরা রাজপথেই থাকছেন, শিক্ষামন্ত্রী বললেন ভোটের আগে জাতীয়করণ সম্ভব নয়

এমন পরিস্থিতির মধ্যে বুধবারের সংসদীয় বৈঠকে ১৮তম বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা ও সমাধানের অগ্রগতি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয় সরকার পর্যায়ক্রমে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে কাজ করে যাচ্ছে। জাতীয়করণের বিষয়ে যৌক্তিকতা, কার্যকর নীতিমালা তৈরি, আর্থিক সংশ্লেষ এবং সরকারের সক্ষমতা যাচাই করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। 

“এছাড়া এটি একটি নীতি নির্ধারনী বিষয় হওয়ায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এ সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচএসসি নির্ধারণ করে এ সংক্রান্ত প্রবিধানমালা চূড়ান্ত করে দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। 

এছাড়া কমিটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) উচ্চ শিক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে। 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।