২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর দুই স্কুলছাত্র খুন: ছুরি মেরেছিল ‘একজনই’

র‍্যাবের ভাষ্য, 'ফ্রি-ফায়ার' ও 'পাবজি’ গেমসে আসক্ত ওই কিশোর গেমসের মারামারি দৃশ্য দেখে নৃশংসতা শিখেছে।

পটুয়াখালীর দুই স্কুলছাত্র খুন: ছুরি মেরেছিল ‘একজনই’

গ্রেপ্তার ‍দুই শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম ছবি থেকে মুছে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 03:19 PM

Updated : 28 Mar 2023, 03:19 PM

পটুয়াখালীতে দুই স্কুলছাত্র খুনের মামলায় একই বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার রাতে নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা দুজনই বাউফল উপজেলার ‘ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের’ নবম শ্রেণির ছাত্র; তাদের বাড়ি বাউফলের ইন্দ্রকূল গ্রামে।

মঈন বলেন, ১৫ বছর বয়সী ওই দুই কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের মধ্যে একজন একাই দুই ছাত্রকে ছুরি মেরেছিল।

“ছেলেটি ‘ফ্রি-ফায়ার' এবং 'পাবজি’ গেমসে আসক্ত। সে এসব গেমসের মারামারি দৃশ্য দেখে নৃশংসতা শিখেছে।“

গত ২২ মার্চ বিকালে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একদল কিশোরের হামলায় খুন হয় নাফিজ ও মারুফ নামের দুই কিশোর, আহত হয় আরেকজন। তারা ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

ওই ঘটনায় মামলা হলে স্কুলের দুই শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে র‌্যাব গ্রেপ্তার করল আরও দুজনকে।

মঙ্গলবার ঢাকায় র‌্যাবের সংবাদ সম্মলেনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঘটনার দিন ক্লাসের বিরতির সময় নবম ও দশম শ্রেণির দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে দুই ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে বিকালে স্কুলের কাছের পাংগাশিয়া সেতুর কাছাকাছি নবম শ্রেণির কয়েকজন মিলে মারুফ, নাফিজসহ কয়েকজনকে মারধর করে। তখনই নবম শ্রেণির ওই কিশোর ছুরি নিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং তিন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

মঈন বলেন, “জিজ্ঞাসাবাদে ছেলেটি জানিয়েছে, ছুরি মারার পর বাড়িতে গিয়ে সে ওই ছুরিটি ভালোভাবে পানি দিযে ধুয়েছে এবং দেরি না করে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে লঞ্চে করে ঢাকায় পালিয়ে আসে। ঢাকায় আসার পথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি নদীতে ফেলে দেয়।

“ঢাকায় নেমে ট্রেনে করে সে নরসিংদীর রায়পুরায় যায়। সেখানে সোশাল মিডিয়ার মাধ্যমে পরিচিত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। আর অন্যজন পটুয়াখালী থেকে বাসে করে ঢাকায় এসে পল্লবীতে তার এক আত্মীয়র বাসায় লুকিয়ে ছিল।”

র‌্যাবের মুখপাত্র বলেন, “তারা তাদের কিছু উচ্ছৃঙ্খল সহপাঠীকে নিয়ে পাংগাশিয়া এলাকায় প্রভাব বিস্তারের জন্য ছুরি, চাকু সবসময় সঙ্গে রাখত। এলাকায় মারামারিসহ অন্যান্য অপরাধমূলক কাজেও এই দুজন জড়িত ছিল।“

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

পুরনো খবর:

পটুয়াখালীতে দুই ছাত্র খুন: গ্রেপ্তার একই বিদ্যালয়ের ২ শিক্ষার্থী
পটুয়াখালীতে ২ শিক্ষার্থী খুন: জড়িতদের গ্রেপ্তার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ
পটুয়াখালীতে ছুরি মেরে দুই স্কুল ছাত্রকে খুন, সন্দেহে কিশোররা