১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির মাংস কাটতে গিয়ে আহত সাড়ে তিন শতাধিক

এদের বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 12:01 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

রাজধানীসহ আশেপাশের জেলা থেকে ঈদের দিন প্রায় ৩৫০ ব্যক্তি কাটাছেঁড়া নিয়ে চিকিৎসা নিতে এসেছেন হাসপাতালে; যারা কোরবানির মাংস কাটতে গিয়ে বা গরুর গুঁতায় আহত হয়েছেন।

সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে আহত এসব ব্যক্তির চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। এদের বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

নিটোরের পরিচালক কাজী শামীমুজ্জামান বলেন, হাত ও পায়ে কাটাছেঁড়া নিয়ে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ২০০ ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

“ধারালো ছুরি বা চাপাতির আঘাতে এদের কারও আঙুল, কারও হাতের রগ কেটে গেছে। গরুর শিংয়ের গুঁতায় পড়ে গিয়ে কারও পা ভেঙে গেছে। আবার পড়ে গিয়ে কারও পিঠে বড় ধরনের ক্ষত হয়েছে।”

একই রকমভাবে আহত হয়ে দেড়শত ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার তথ্য দেন পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মিয়া। 

তিনি বলেন, এ হাসপাতালে রাত ৮টা পর‌্যন্ত প্রায় দেড়শত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হলেও আশংকামুক্ত।