২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১৫ জন হাসপাতালে
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮১০ জনে।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মশাবাহিত এ রোগে নতুন কারও মৃত্যুর খবর আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৬ জন ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮১০ জনে, তাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৯৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৪৬ জন ভর্তি হয়েছেন। এ বছর ঢাকায় ২৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৫৮ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৩৯ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে ৩১১ জন ভর্তি রোগীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি রোগীর মধ্যে তিনজন মারা যান।
মে মাসের ২৯ দিনে ৬০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
