২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে ১৫২ প্লাটুন বিজিবি

১৫২ প্লাটুনের মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ১৮ প্লাটুন বিজিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 01:58 PM

Updated : 12 Dec 2023, 02:06 PM

বিএনপির ডাকা অবরোধের মধ্যে নাশকতা ও সহিংসতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে মাঠে নেমেছে ১৫২ প্লাটুন বিজিবি।

এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ১৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।“

বিএনপিরবেশিরভাগ অবরোধ ৪৮ ঘণ্টার হলেও এবার দলটি ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে, যেটি মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে এর আগে ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় ৪ দিন হরতাল করেছে বিএনপি।

এই হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই হরতাল ও অবরোধে নিয়মিত বিজিবি নামানো হচ্ছে ঢাকাসহ সারাদেশে।

এদিকে র‍্যাব বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের ১৩০টি দল সহ সারাদেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে।

সড়ক-মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী পরিবহনের নিরাপত্তায় র‍্যাবের টহল দল নিয়োজিত আছে।

এছাড়া যে কোনো ধরনের নাশকতা ও সহিংসা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় র‍্যাবের গোয়েন্দারা তৎপর আছেন।